ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বরাদ্দ রাখা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। এডিডি ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংকল্প প্রতিবন্ধী সংস্থা ও সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা এ আয়োজন করে। সংকল্প প্রতিবন্ধী সংস্থার সভাপতি কানাইলাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নগরকান্দা উপজেলা ইউএনও মো. আবদুল আজিজ। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা আবু রায়হান প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক খাতের বরাদ্দে প্রতিবন্ধীদের আগ্রাধিকারের বিষয়টি বলা হয়।