জঙ্গি হামলা ও নারী নির্যাতন প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে জনতার সঙ্গে মতবিনিময় করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উজানটিয়া ইউপি চত্বরে কমিউনিটি পুলিশের উদ্যোগে এ সভা হয়। উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ জামাল, ওসমান গনি ও ইউপি সদস্য জাফর আলম। সভায় ওসি মোস্তাফিজ বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা গুপ্ত হামলা চালাচ্ছে। এ হামলা প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনতাকে এগিয়ে আসতে হবে। পেকুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান। কেউ তা নষ্ট করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।