মতবিনিময় সভার নামে রাস্তার ওপর মঞ্চ ও একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন। এ সময় ওই এলাকায় যানবাহন চলাচলেও বিঘ্ন হয়। গতকাল বুধবার দুপুরে রাজধানীর হাজারীবাগের ট্যানারির মোড়ে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল সাঈদ খোকন স্থানীয় আওয়ামী লীগ দলীয় ট্যানারি মালিক ও শ্রমিকদের মতবিনিময় সভায় যোগ দেন। এর আগে সকাল ১০টার দিকে ট্যানারি মোড়ের তিন দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। রাস্তার একটি দিক শুধু নেতা-কর্মীদের আসার জন্য খোলা রাখা হয়। সভা শুরু হয় দুপুর ১২টায়। ওই এলাকায় বেলা দুইটা পর্যন্ত কোনো যান চলাচল করতে পারেনি। সাধারণ মানুষের চলাচলও বিঘ্নিত হয়। মতবিনিময় সভা হলেও মঞ্চ, সামনে চেয়ার, ওপরে শামিয়ানা, মঞ্চে ব্যানার এবং একাধিক মাইক ব্যবহার করা হয়, যা সমাবেশে রূপ নেয়।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০-এর ৬ অনুচ্ছেদের (ক) দফায় বলা হয়েছে, ‘পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করা যাইবে না।’ (খ) দফার (ক) তে ‘যাহা কিছুই থাকুক না কেন, জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করিতে পারে এইরূপ কোনো সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি পথসভা করিতে পারিবেন না বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করিতে পারিবেন না।’
মতবিনিময় সভা শেষে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে সাঈদ খোকন বলেন, ‘আমরা কোথাও গেলে অনেক নেতা-কর্মী চলে আসে। সব সময় সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। এই ছোটখাটো ভুলকে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
অপর এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রচারণায় নামায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে আমি আনন্দিত। কিন্তু তাঁর প্রচারণার সময় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, এটা আপত্তিকর।’ ট্যানারি মোড়ের সমাবেশে সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনে সেনা মোতায়েন হলে আমার কোনো সমস্যা নেই।’
সাঈদ খোকনের ওই কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস, বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছুর রহমান, আওয়ামী লীগ নেতা কাজী মোর্শেদ হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।