নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল দুপুরে ওই মতবিনিময় সভা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন ইউএনও মো. সাবেত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয়, সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে দুই বছর ধরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সদর উপজেলা প্রশাসন। কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে ও প্রতিটি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কমিটি গঠন করা হয়েছে। করা হচ্ছে সভা-সেমিনার। একই উদ্দেশ্যে ৩০ জানুয়ারি সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে হবে সংলাপ। ইউএনও সাবেত আলী বলেন, ‘স্থানীয় সাংসদ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে আমরা ইতিমধ্যে দুটি ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করেছি।’ নীলফামারী প্রতিনিধি