মতবিনিময় সভায় শামীম ওসমানের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়ায় সিটি করপোরেশন যাতে ময়লা-আবর্জনা ফেলতে না পারে সে ব্যাপারে তাদের চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান।
গতকাল রোববার সকালে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় শামীম ওসমান কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুল আলমকে ওই নির্দেশ দেন। সেখানে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা হওয়ার কথা থাকলেও তা বাতিল করে মতবিনিময় সভা করা হয়।
একজন সাংসদ স্থানীয় সরকারের কোনো প্রতিনিধিকে এভাবে নির্দেশ দিতে পারেন কি না, জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, আইনত একজন সাংসদ এভাবে কোনো ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিতে পারেন না। এখানে দেখতে হবে সিটি করপোরেশন ময়লা ফেলার জন্য ইউপির অনুমতি নিয়েছিল কি না। তারা পরিবেশসম্মতভাবে ময়লা ফেলছে কি না। এ জন্য তারা নিজেরা কোনো সমঝোতা করেছে কি না। সাংসদের আপত্তি থাকলে তিনি বিষয়টি সংসদে উত্থাপন করতে পারেন।
কুতুবপুর ইউনিয়নের লামাপাড়ায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম অবস্থিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ চারটি ইউনিয়ন পরিষদ সেখানে ময়লা ফেলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আযমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ও ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ, সাধারণ সম্পাদক বক্তাবলী ইউপির চেয়ারম্যান এম শওকত আলী, কুতুবপুর ইউপির চেয়ারম্যান মনিরুল আলম, এনায়েতপুরনগর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমানসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।