চাঁদপুর সদর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোয় ব্যাপকহারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত ২৩ দিনে এসব এলাকার সহস্রাধিক লোককে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্রের (আইসিডিডিআরবির) মতলব শাখায় ভর্তি করা হয়েছে। ভ্যাপসা গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আইসিডিডিআরবির মতলব শাখা সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত এক হাজার ১২ জন ডায়রিয়া আক্রান্ত মানুষকে কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে ৪৪ জন, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দেড়গুণ।আইসিডিডিআরবি সূত্র আরও জানায়, এই কদিনে মতলব উত্তরের ৮০ জন, মতলব দক্ষিণের ৯৫, চাঁদপুর সদরের ১৫৫, ফরিদগঞ্জের ১০০, হাজীগঞ্জের ১১০, কচুয়ার ৭৫, শাহরাস্তির ৩৫ ও হাইমচরের ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কেন্দ্রে ভর্তি হয়েছে। অন্যরা কুমিল্লার বরুড়া ও চান্দিনা এবং লক্ষ্মীপুর ও ফেনী এলাকার।গতকাল আইসিডিডিআরবিতে গিয়ে দেখা যায়, কেন্দ্রের আন্তবিভাগ ও বহির্বিভাগ ডায়রিয়া রোগীতে ভরপুর। তাদের বেশির ভাগই নারী ও বয়স্ক ব্যক্তি।এ সময় মতলবের নারায়ণপুর ইউনিয়নের পাঁচগরিয়া গ্রাম থেকে আসা মনুজা বেগম (৫৭) বলেন, শনিবার তাঁকে ভর্তি করানো হয়েছে। চিকিৎসার পর এখন কিছুটা ভালোর দিকে। হাজীগঞ্জের বেতিয়াপাড়া গ্রামের সায়েরা বেগম (৩০) বলেন, তিনি গতকালই (রোববার) ভর্তি হয়েছেন। তাঁকে খাবার স্যালাইন ও ওষুধ দেওয়া হয়েছে। সঙ্গে স্বাভাবিক খাবারও চলছে। শরীরের এখনো খুব একটা উন্নতি হয়নি।কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস প্রথম আলোকে বলেন, ভ্যাপসা গরমে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। পচা-বাসি খাবার গ্রহণ ও দূষিত পানির কারণেও লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের স্যালাইন ও গ্লুকোজ এবং ক্ষেত্রবিশেষে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাভাবিক খাবার খেতে বলা হচ্ছে। তিনি বলেন, ভর্তি হওয়া ৪০ শতাংশ রোগীই ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।