মতলব উত্তরে পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব ভবনেই বিদ্যালয়গুলোর সাত হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে উপজেলার ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর ১৬টি সরকারি এবং নয়টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভবন। উপজেলা প্রকৌশলীর মতামতের ভিত্তিতে গত দুই বছরে ওই সব ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়।রামদাসপুর সরকারি ও লুধুয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে শ্রেণীকক্ষের দেয়াল ও ছাদে বড় বড় ফাটল দেখা গেছে। এ ছাড়া এসব বিদ্যালয় ভবনের মেঝে ও স্তম্ভ দেবে গেছে। খসে পড়ছে ছাদের পলেস্তারা। জানালা ও দরজা ভাঙা। এসব ভবনে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহেদুজ্জামান জানান, তাঁদের বিদ্যালয় ভবনের প্রতিটি কক্ষের দেয়াল ও ছাদে ফাটল সৃষ্টি হয়েছে। এক বছর আগে বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু আজও নতুন ভবন নির্মিত হয়নি। জীবনের ঝুঁকি নিয়েই দুই শতাধিক শিক্ষার্থী এখানে ক্লাস করছে। ছাদ ও দেয়াল ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তাসমিমা জামান বলে, ‘মাথার ওপর ভাঙা ছাদ। দেয়াল ফাইটা রইছে। ক্লাসের সুম ভয়ে ভয়ে থাহি। যদি মাথায় ভাইঙ্গা পড়ে, তাইলে সব শেষ। অ্যামনে কী পড়া অয়?’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশির আলম ভূঁইয়া জানান, এসব বিদ্যালয়ে বিকল্প ব্যবস্থায় ক্লাস নেওয়ার জন্য বলা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।