মতলব উত্তরে ১০ বাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরউমেদ গ্রামের ১০টি বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এতে ৩২টি বসতঘর আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। গত শুক্রবার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্র ও শনিবার নয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া নয়জন হচ্ছেন চাঁদপুর সদরের রাজ রাজেস্বর গ্রামের রফিকুল ইসলাম (২৮), লেয়াকত আলী (২৫), শফিক দেওয়ান (৪০), হযরত আলী (৪০), আনোয়ার হোসেন (১৭), সাইফুল ইসলাম (২৬), খোকন (২৩), জমির (২৩) ও আহাম্মদ (২৫)। গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।গতকাল সরেজমিনে চরউমেদে গিয়ে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সবকিছু পুড়ে যাওয়ায় অনেক পরিবারের সদস্যরা অনাহারে ও অর্ধাহারে দিন কাটাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় চরউমেদ গ্রামের বোরহানউদ্দিনের ছেলে শামীম মতলব উত্তর থানায় মামলা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার চিরারচরের খেয়াঘাটের নৌকায় ওঠা নিয়ে রাজ রাজেশ্বর ও চরউমেদ গ্রামের লোকজনের সঙ্গে ঝগড়া বাধে। এ ঘটনা মীমাংসা করার লক্ষ্যে শুক্রবার বিকেলে উপজেলার চিরারচরে সালিস বৈঠক বসে। কিন্তু এ বৈঠকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। শুক্রবার সন্ধ্যায় রাজ রাজেস্বর ইউনিয়নের লক্ষ্মীরচরের ওসমান গাজী, বাক্কা বকাউল, মোহাম্মদ হোসেনসহ অন্যরা ট্রলারযোগে চরউমেদের গ্রামে এসে নয় বাড়িতে হামলা চালান ও অগ্নিসংযোগ করেন। তাঁদের হামলায় ১০ জন আহত হয়।আগুনে চিরারচরের বোরহান বেপারীর বাড়ির সাতটি, সফিউল্লাহ খানের আটটি, ওমর আলীর দুটি, নুরুল ইসলাম পাইকের তিনটি, আক্কেল আলীর তিনটি, সিরাজ মৃধার দুটি, পিয়ার হোসেন মৃধার দুটি, তমিজ উদ্দিন মৃধার দুটি, মজিবুর রহমান মৃধার দুটি ও সুলতান সরদারের একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুস্তম আলী শিকদার পিপিএম জানান, এ ঘটনায় ক্ষতির পরিমাণ তিন-চার কোটি টাকা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সফিউল্লাহ খান বলেন, ‘আমাগো এহন সবই শেষ। সহায় সম্বল আরাইয়া ফেলাইছি। সব পোড়াইয়া ছাই কইরা দিছে। কীভাবে পোলামাইয়া নিয়া বাঁচবো, তার উত্তর জানা নাই।’ চাঁদপুরের এএসপি সার্কেল সিরাজুল ইসলাম, মতলব উত্তর ইউএনও মোহাম্মদ গোলাম কবীর, চাঁদপুর সদর ইউএনও শাহীনুর শাহীন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন।