মতলব উত্তরের ইউএনওর ওপর জেলেদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা নিধন প্রতিরোধে অভিযান চালানোর সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেনের ওপর জেলেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ইউএনও এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদসহ তিনজন আহত হন। গত রোববার রাতে উপজেলার মহনপুর-এখলাছপুর সীমানায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ইউএনও জানান, রাত ১০টা থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা, মহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দুজন পুলিশ সদস্য এবং একজন শ্রমিক নিয়ে তিনি স্পিডবোটে করে মেঘনায় জাটকা শিকারি জেলেদের আটক এবং জাল ও ট্রলার জব্দ করতে অভিযান চালান। এ সময় হঠাৎ একটি ট্রলারে করে আসা ৮-১০ জন জেলে লগি ও বৈঠা দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় জেলেরা তাঁদের ওপর ইটপাটকেল ছোড়েন। আত্মরক্ষায় পুলিশ পাঁচটি রাবার বুলেট ছুড়লে তাঁরা পালিয়ে যান। জেলেদের হামলায় তিনি ও মৎস্য কর্মকর্তাসহ তিনজন সামান্য আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।