চাঁদপুর ও কুমিল্লা জেলার মধ্যকার ৪৩ কিলোমিটার দীর্ঘ মতলব-গৌরীপুর সড়কে ২০৫টি বাঁক (মোড়) রয়েছে। ঘন ঘন বাঁক এবং অসংখ্য গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন। দেড় ঘণ্টার পথ পেরোতে সময় লাগছে দুই-আড়াই ঘণ্টা। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ২০০২ সালে সড়কটি চালু হওয়ার সময় থেকেই এসব বাঁক রয়েছে। এরপর বাঁক নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানায়। ‘মতলব এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসের চালক কাউছার মিয়া বলেন, ‘এ রোডে একটু পর পর বাঁক। এগুলোর লাইগা গাড়ি এক্সিডেন্ট অইতাছে। সময় লাগতাছে বেশি। ঠিকমতো গাড়ি ঘুরানো যায় না।’ এ সড়কে নিয়মিত যাতায়াত করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক দুলাল পোদ্দার। তিনি বলেন, ‘রাস্তাটার প্রতি কিলোমিটারে পাঁচ-ছয়টি করে বড় বড় মোড় অতিক্রম করতে গিয়ে প্রায়ই গাড়িচালকের নিয়ন্ত্রণে থাকে না। এ জন্য প্রতি মাসে গড়ে পাঁচ-ছয়টি করে দুর্ঘটনা ঘটে। রাস্তাটি সরু হওয়ায় দুটি বাস পাশাপাশি ঠিকমতো চলাচল করতে পারে না। সড়কে কয়েক শ ছোট-বড় গর্ত থাকায় ঝাঁকুনি খেতে খেতে শরীরের কিছু থাকে না।’সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভাঙ্গারপাড়, ধনারপাড়, আশ্বিনপুর, নাগদা, নায়েরগাঁও, গিলাতলী, নৈয়াইর বাজার ও খাদেরগাঁও এলাকার বাঁকগুলো খুবই বিপজ্জনক। এসব বাঁকে, বাঁকের আগে ও পেছনে রাস্তার কার্পেটিং উঠে গেছে। সরে গেছে ইট-বালু-খোয়া। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের। এসব মোড়ে রাস্তা খুবই সরু হওয়ায় ১০-১২ ফুট যান চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া রাস্তার ২০-২৫টি অংশ দেবে গেছে বিপজ্জনকভাবে।মতলব-ঢাকা বাসচালক সমিতি সূত্রে জানা যায়, ৪৩ কিলোমিটার সড়কে ২০৫টি বাঁকের মধ্যে নায়েরগাঁও সীমানা পর্যন্ত ১৭ কিলোমিটার দূরত্বেই বাঁক রয়েছে শতাধিক। এ কারণে এই অংশে দুর্ঘটনা হচ্ছে বেশি। গত এক বছরে এ পথে অন্তত ৪০-৫০টি দুর্ঘটনা ঘটেছে। আহত হয়েছে তিন শতাধিক। ঈদের আগের দিন ৩০ আগস্ট ঢাকা থেকে মতলবে আসার পথে নাগদা এলাকায় যাত্রীবাহী বাস ‘মতলব এক্সপ্রেস’ বাঁকে টার্ন করতে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে ৩০ জন যাত্রী আহত হয়।মতলব-ঢাকা বাস মালিক-শ্রমিক পরিবহন সমিতির একাধিক নেতা জানান, এত ঘন ঘন বাঁকের জন্য মাঝেমধ্যে গাড়ির ব্রেক কাজ করে না। চাকা ফেটে যায়। গাড়ি বেশি টার্ন করায় যাত্রীদের বমি হয়, মাথা ঘুরায়।চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, ২০৫ বাঁক নিরসনে রাস্তার অন্যান্য সংস্কারকাজে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) নামে ৯০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে এ বছরের জন্য এডিবি থেকে বরাদ্দ এসেছে মাত্র দুই কোটি টাকা। বাঁক নিরসনে ভূমি অধিগ্রহণের কাজ চলছে। বরাদ্দ করা দুই কোটি টাকা দিয়ে বেশি কিছু করা যাবে না। এ জন্য আরও অনেক টাকা দরকার।