মতলব দক্ষিণ পৌরসভার বেশির ভাগ সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার অধিকাংশ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই কারণে এসব সড়ক ধসে ও ভেঙে গেছে। নালা না থাকায় কোনো কোনো সড়কে একটুু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন ১০ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে। মতলব দক্ষিণ পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এ পৌরসভায় পাকা সড়ক ১৭ কিলোমিটার। এর মধ্যে ১৫ কিলোমিটারের অবস্থা শোচনীয়। ২০০১ সালের পর এসব সড়ক আর সংস্কার করা হয়নি। ২০০২ সালের বন্যায় এসব সড়ক আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে এসব সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এসব সড়কের পাশে কোনো নালা নির্মাণ করা হয়নি। তাই বৃষ্টি হলেই পানি সরতে না পারায় বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পৌর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মতলব দক্ষিণ পৌর এলাকার পূর্ব কলাদির দেড় কিলোমিটার, পশু হাসপাতাল থেকে কাঠবাজার পর্যন্ত এক কিলোমিটার, রিকশাস্ট্যান্ড থেকে ফেরিঘাট পর্যন্ত এক কিলোমিটার, কচি-কাঁচা স্কুল থেকে নবকলস পর্যন্ত দেড় কিলোমিটার, নূরুল ইসলাম নূরু সড়ক, পশু হাসপাতাল থেকে আদর্শ স্কুল পর্যন্ত দেড় কিলোমিটার এবং টিঅ্যান্ডটি এলাকা থেকে ভাঙাপাড় পর্যন্ত দুই কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এ ছাড়া পৌরসভার ৬১ কিলোমিটার কাঁচা রাস্তাও ১০-১২ বছর ধরে সংস্কার করা হয়নি। এর মধ্যে ৪০ কিলোমিটার রাস্তা বরাদ্দের অভাবে পাকা হচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, পশু হাসপাতাল থেকে আদর্শ স্কুল পর্যন্ত সড়কে কার্পেটিং উঠে গিয়ে বালু ও খোয়া বের হয়ে গেছে। পৌরসভার ম্যাক্সিস্ট্যান্ড থেকে লঞ্চঘাট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে। বর্ষাকালে কাঁচা রাস্তাগুলোয় যানবাহন দূরের কথা, মানুষও চলাচল করতে পারে না।বরদিয়া এলাকার বাসিন্দা অশোক কুমার জানান, পৌরসভার বেশির ভাগ সড়কই এবড়োখেবড়ো। বৃষ্টি হলে এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। প্রতিদিন স্থানীয় স্কুল ও কলেজের কয়েক শ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসব সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহায়। রিকশাচালক বিল্লাল মিয়া বলেন, ‘অ্যামন রাস্তায় গাড়ি চালাইয়া জানডারে শেষ করছি। এগুলো ঠিক করনের কি কেউ নাই?’পৌরসভার উপসহকারী প্রকৌশলী নাজমুল জিসান জানান, দুই বছর আগে সড়কগুলোর পাশে নালা নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু বরাদ্দ না করায় কাজ হয়নি। সড়ক সংস্কারের জন্য যে বরাদ্দ পাওয়া গেছে তা দিয়ে সব কাজ করা যাবে না। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন জানান, পৌর এলাকার দুটি সড়কের সংস্কারকাজ দুই মাস পর শুরু হবে। টাকা বরাদ্দ না হলে অন্যান্য সড়ক সংস্কার করা সম্ভব নয়।