চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মুঠোফোন নম্বরে পাঠানো খুদে বার্তায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ওই কার্যালয়ের কর্মচারী (পিয়ন) শফিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পিআইও হুমায়ুন কবির বলেন, ২২ জানুয়ারি তাঁর মুঠোফোন নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ইংরেজিতে একটি খুদে বার্তা (এসএমএস) আসে। যাচাই করে দেখা যায়, যে মুঠোফোন নম্বর থেকে এটি এসেছে, সেটি তাঁরই কার্যালয়ের পিয়ন শফিকুলের। গত বুধবার বিষয়টি পুলিশকে জানালে ওই দিন রাতেই পুলিশ নবকলস এলাকার বাসভবন থেকে শফিকুলকে আটক করে। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ বাদী হয়ে আটক করা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। গতকাল তাঁকে চাঁদপুর বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।