মতলব দক্ষিণে আগুনে ৩০টি দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। রোববার গভীর রাতে বাজারের চেয়ারম্যান ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে এক দোকানি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া দুইটার দিকে মিজানের কলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাশের কয়েকটি গুদাম, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, সেলুনসহ ৩০টি দোকান পুড়ে যায়।

রাত সোয়া তিনটার দিকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে এলাকার প্রায় ৩০ ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মো. আক্তারুজ্জামান (৫৫) নামের এক দোকানি চিকিৎসাধীন অবস্থায় ভোরে চাঁদপুর সদর হাসপাতালে মারা যান। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।