মতলব দক্ষিণে গায়েহলুদের অনুষ্ঠানে হামলা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামে গত সোমবার রাতে একটি গায়েহলুদের অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় মিজানুর রহমান (১৮) নামের এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে একটি বিয়ের গায়েহলুদ অনুষ্ঠান চলাকালে একই গ্রামের মাহবুব ও তার কয়েকজন বন্ধু মুঠোফোনে গান বাজিয়ে নাচানাচি ও হইচই করছিল। বিয়ের কনে লাকি আক্তারের চাচাতো ভাই মিজানুর রহমান এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে মাহবুব ও তার বন্ধুরা মিজানের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার জন্য মিজান দৌড়ে বাড়ির পাশের একটি ধানখেতে আশ্রয় নেন। সেখানেও তাঁকে বেদম পেটানো হলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। মিজানকে বাঁচাতে এসে হামলায় আহত হন মিজানের পরিবারের কয়েকজন সদস্যসহ ১০ ব্যক্তি। নিহত মিজানের বাবা মমিন মুন্সী বাদী হয়ে মাহবুব ও তার বন্ধুদের আসামি করে মতলব দক্ষিণ থানায় গত মঙ্গলবার মামলা করেন।