মতলব দক্ষিণে চিকিৎসকসহ তিনজনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রথমবারের মতো একজন নারী চিকিৎসক, হিসাব কর্মকর্তাসহ তিনজন করোনা রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। ওই চিকিৎসক ও হিসাব কর্মকর্তা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালে কর্মরত।

চাঁদপুর সিভিল সার্জনের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাউসার বলেন, প্রথমবারের মতো তাঁর উপজেলায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আইসিডিডিআরবির মতলব হাসপাতালের একজন নারী চিকিৎসক ও তাঁর দুই বছর নয় মাস বয়সী শিশুসন্তান এবং ওই হাসপাতালের একজন হিসাব কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে। ওই নারী চিকিৎসকের বয়স ৩৪ বছর এবং ওই হিসাব কর্মকর্তার বয়স ৪৮ বছর। তাঁরা দুজনেই মতলব দক্ষিণ উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন।

গোলাম কাউসার বলেন, সামান্য কাশি ও জ্বর থাকায় গত সোমবার ওই তিনজনের নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবির ঢাকার হাসপাতালে পাঠানো হয়। সেখানকার গবেষণাগারে (ল্যাবরেটরি) তিনজনের নমুনা পরীক্ষা করা হয়। বুধবার রাতে সেখান থেকে ওই নমুনা পরীক্ষার প্রতিবেদন আইসিডিডিআরবির মতলব হাসপাতাল ও চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়। এতে দেখা যায়, ওই তিনজন করোনায় আক্রান্ত।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্ত ওই নারী চিকিৎসক ও তাঁর শিশুসন্তানকে তাঁদের ঢাকার বাসায় আইসোলেশন রাখা হয়েছে। আর ওই হিসাব কর্মকর্তাকে মতলব দক্ষিণ উপজেলা সদরে তাঁর বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। ওই তিনজনের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা যেসব বাসায় রয়েছেন তার আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

গত ২ এপ্রিল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলায় মোট ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ওই তিনজনের করোনা শনাক্ত হয়েছে। বাকিদের করোনা নেগেটিভ এসেছে।