মতলব দক্ষিণে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের সিএনজি স্টেশন এলাকায় গতকাল রোববার বিকেলে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বিকেল পাঁচটায় ছাত্রদলের নেতা মিরান হোসেন সিএনজি স্টেশন এলাকায় পৌর যুবদলের এক নেতার সঙ্গে কথা বলছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুম সরকারসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী মোটরসাইকেলে করে এসে মিরানের মাথায় ইট দিয়ে আঘাত করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল দেওয়ানকে মারধর করেন। ছাত্রদলের কর্মীদের থামাতে গিয়ে পৌর ছাত্রদলের সভাপতি শরীফ উল্লাহ এবং পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম আহত হন। পরে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ছয়জন নেতা-কর্মী আহত হন।