মতলব দক্ষিণে ঝুঁকিহ্রাস ঋণ আদায় অনিশ্চিত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারের ঝুঁকিহ্রাস ঋণ আদায়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরে ঋণ আদায়ের মেয়াদ শেষ হলেও এখনো ৭৫ শতাংশ অনাদায়ী রয়ে গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে ২০০৫-০৬ অর্থবছরে উপজেলার ছয়টি ইউনিয়নের ১৯৯ ব্যক্তিকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ৩৪ জনকে তিন লাখ ৬০ হাজার, নায়েরগাঁও উত্তরে ৩৪ জনকে তিন লাখ, খাদেরগাঁওয়ে ৩০ জনকে তিন লাখ, নারায়ণপুরে ৩৯ জনকে চার লাখ ৩০ হাজার, উপাধি উত্তরে ৩১ জনকে তিন লাখ এবং উপাধি দক্ষিণ ইউনিয়নের ৩১ জনকে তিন লাখ টাকা ঋণ দেওয়া হয়। মাথাপিছু সর্বনিম্ন পাঁচ হাজার এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। ঋণ পরিশোধের সময়সীমা ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হয়। অথচ এখন পর্যন্ত আদায় হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা, যা মোট ঋণের ২৫ শতাংশ। পিআইও কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায়ের কথা ছিল। নাম প্রকাশ না করার শর্তে নারায়ণপুর ইউনিয়নের এক ঋণগ্রহীতা বলেন, ‘চেয়ারম্যান-মেম্বাররা আমাগো ঋণ শোধ দিতে জোর দিয়া কয় না। পিআইও অফিসও তো তাগাদা দেয় না। দেখি, সরকার মাপটাফ করে কি না। আছি হেই আশায়ই।’নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার এখানে ৫০ শতাংশ ঋণ আদায় হয়েছে। বাকিগুলোও আদায়ের চেষ্টা চলছে।’ পিআইও মো. সাইফুল ইসলাম জানান, ‘এ যাবৎ যা আদায় হয়েছে, তা আশানুরূপ নয়। ঋণ আদায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মাহামুদ জানান, ঋণের টাকা আদায়ে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা ঋণখেলাপি, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।