মতলব দক্ষিণে বিএনপির নেতাকে শ্বাস রোধ করে হত্যা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিএনপির স্থানীয় এক নেতাকে দুর্বৃত্তরা শ্বাস রোধ করে হত্যা করেছে। গত রোববার রাতে উপজেলা শহরের দক্ষিণ কলাদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম মাওলা (৩২)। তিনি মতলব দক্ষিণ পৌর বিএনপির তিন নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। মতলব বাসস্ট্যান্ডে তাঁর ‘অনন্যা টেলিকম’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। গোলাম মাওলার দোকানের কর্মচারী মো. অলিউল্লাহ জানান, তিনি গতকাল সোমবার সকালে দোকানের চাবি আনার জন্য গোলাম মাওলার দক্ষিণ কলাদি এলাকার বাসায় যান। ওই সময় তিনি বাসার একটি খাটে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় গোলাম মাওলার নিস্তেজ দেহ পড়ে থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মাওলাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শাহ গিয়াস থানায় হত্যা মামলা করেছেন।