মতলব দক্ষিণে শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এতে জেলার অন্যান্য উপজেলার তুলনায় এ উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে। দরিদ্রতা, অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের নিষ্ক্রিয়তা ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকের অভাবে ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে উপজেলার ৬৪টি সরকারি, ৪৩টি রেজিস্টার্ড (বেসরকারি) এবং তিনটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে সাত হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ভর্তি হয়। ২০০৯ সালে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় তিন হাজার ৫৭৪ জন অংশ নেয়। বাকি চার হাজার নয়জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শ্রেণীতে দুই হাজার ২৬০ জন থেকে যায়। এ সময় (২০০৫-০৯) এক হাজার ৩০০ শিক্ষার্থী লেখাপড়া বন্ধ করে। এতে এ উপজেলায় ঝরে পড়া শিক্ষার্থীর হার প্রায় ১৮ শতাংশ। চলতি বছর (২০১০ সালে) সব প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করছে তিন হাজার ৯৩১ জন শিক্ষার্থী। সমাপনী পরীক্ষা আসতে আসতে নানা কারণে এ সংখ্যা আরও কমবে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ঝরে পড়া প্রাথমিক শিক্ষার্থীর হার চাঁদপুর সদরে ১৫ শতাংশ, ফরিদগঞ্জে ১৭, শাহরাস্তিতে ১২, মতলব উত্তরে ১৩ এবং কচুয়া ও হাজীগঞ্জে ১৭ শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, ঝরে পড়া রোধে মতলব দক্ষিণ প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কোনো তদারক বা কার্যকর উদ্যোগ নেই। মা ও অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ার কর্মসূচিগুলো ঠিকমতো করা হয় না। গত কয়েক বছরে এ উপজেলায় এ ধরনের কার্যক্রম করা হয়নি। এতে উপজেলাটিতে ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজিৎ কুমার নাহা বলেন, ঝরে পড়া রোধে তাঁরা ঠিকমতোই চেষ্টা চালিয়ে আসছেন। কবে ও কোথায় ঝরে পড়া রোধের কর্মসূচি পালন করা হয়েছে জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি। তিনি দাবি করেন, দরিদ্রতা এবং শিশুশ্রমের প্রতি মা-বাবার আগ্রহের কারণেই ঝরে পড়ার হার বাড়ছে।