মতলব দক্ষিণে ৫২ স্কুলে জরাজীর্ণ ভবন, ঝুঁকিতে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারি-বেসরকারি ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়ে এসব বিদ্যালয়ে প্রতিদিন পাঠ নিচ্ছে সাড়ে ১২ হাজার শিক্ষার্থী। উপজেলা শিক্ষা কার্যালয় এবং বিভিন্ন বিদ্যালয় সূত্রে গেছে, সরকারি- বেসরকারি (রেজিস্টার্ড ও কমিউনিটি) মিলিয়ে উপজেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০৯। এর মধ্যে ৫২টি বিদ্যালয়ের ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, গত পাঁচ-ছয় বছর এ অবস্থা বিরাজ করলেও উপজেলা শিক্ষা কার্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এ ব্যাপারে পদক্ষেপ নেননি।সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ৫২টি বিদ্যালয়ের মধ্যে ২৭টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে ১৬টি সরকারি এবং ১১টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ২৫। অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে খাদের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব মডেল প্রাথমিক বিদ্যালয়, নবকলস প্রাথমিক বিদ্যালয়, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রতিটিরই ছাদ, দেয়াল ও মেঝেতে ফাটল ধরেছে। কোনো কোনো বিদ্যালয়ের মেঝে দেবে গেছে। এ ছাড়া বেশির ভাগ বিদ্যালয়েরই জানালা, দরজা, আসবাবপত্র ও চেয়ার-টেবিল ভাঙা।খাদের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা ইসলাম জানান, তাঁর বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের মধ্যে একটি ঝুঁকিপূর্ণ। এই কক্ষে উত্কণ্ঠার মধ্যে পাঠ নিতে হয় শিক্ষার্থীদের। সামান্য বৃষ্টি হলেই শ্রেণীকক্ষগুলোর ছাদ চুইয়ে পানি পড়ে। তিনি অভিযোগ করেন, এসব সমস্যার কথা শিক্ষা অফিসকে জানিয়েও কাজ হয়নি। মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, ক্লাসের সময় তারা ভয়ে ভাঙা ছাদের দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে আল্লাহকে ডাকে।উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) সুজিত্ কুমার নাহা বলেন, ঝুঁকিপূর্ণ ৫২টি বিদ্যালয় সংস্কার বা পুনর্নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনো সাড়া মেলেনি।উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হারুনুর রশিদ জানান, এ বিষয়ে তিনি জানেন না।