মতলব সেতুর নির্মাণকাজ আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনাগোদা নদীর ওপর নির্মাণাধীন মতলব সেতুর কাজ তিন দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার আবার শুরু হয়েছে। চাঁদাবাজদের হুমকির মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল।
চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার মধ্যবর্তী ধনাগোদা নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। ৩০৪ দশমিক ৫০ মিটার দীর্ঘ সেতুটির কাজ চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়। এর ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৬০ লাখ টাকা। সেতুটি নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে কুমিল্লার রানা বিল্ডার্স।
রানা বিল্ডার্সের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আলম বলেন, মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল বাশার ওরফে পারভেজ কয়েক দিন আগে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে নানাভাবে হুমকি দেন ওই কাউন্সিলর। তাঁর হুমকিতে গত বুধবার সকাল থেকে সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।
আবুল বাশার বলেন, ঠিকাদারের কাছে কারা চাঁদা দাবি করেছেন ও হুমকি দিয়েছেন, তা তিনি জানেন না।
৩০ জুলাই প্রথম আলোয় এ নিয়ে ‘সেতুর নির্মাণকাজ বন্ধ, চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। মো. আলম আরও বলেন, বৃহস্পতিবার চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিষয়টি জানানো হয়। শুক্রবার মন্ত্রী সেতু পরিদর্শন করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর আশ্বাস পেয়ে গতকাল থেকে পুনরায় সেতুর কাজ শুরু করা হয়।
চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী আগামী জুনের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করা হবে।