মতলবে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের একটি ভুট্টাখেত থেকে রাহিমা আক্তার (২০) নামের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারির সূত্র জানায়, রাহিমা উপজেলার ঘিলাতলী গ্রামের আবু জাফরের স্ত্রী এবং দারিন্দা রসুলপুর গ্রামের সফিউল্লা মিয়াজীর মেয়ে। প্রায় দুই বছর আগে রাহিমার সঙ্গে আবু জাফরের বিয়ে হয়। দু-তিন দিন আগে রাহিমা তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যান। এর পর থেকে বাবার বাড়ির সঙ্গে তাঁর আর যোগাযোগ ছিল না। মঙ্গলবার সন্ধ্যায় বাবার বাড়ির কাছাকাছি একটি ভুট্টাখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন পুলিশে খবর দেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। গৃহবধূর বাবা সফিউল্লা বলেন, রাহিমার গর্ভে পাঁচ মাসের সন্তান ছিল। বিয়ের পর থেকেই আবু জাফর যৌতুকের জন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।’মতলব দক্ষিণ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা না-আত্মহত্যা। গৃহবধূর বাবা বাদী হয়ে তাঁর স্বামী আবু জাফরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছেন।