মতলবে অসময়ে ইলিশের ছড়াছড়ি
ডিসেম্বর-জানুয়ারি ইলিশের মৌসুম। এবার ওই সময়ে চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বাজারগুলো ছিল প্রায় ইলিশশূন্য। অথচ ১৫ দিন ধরে এখানকার বাজারগুলোতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় জেলে ও ক্রেতারাও বেশ খুশি।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর, আমিরাবাদ, মহনপুর, এখলাশপুর, গজরা এবং মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট, বরদিয়া, নারায়ণপুর ও উপজেলা সদর বাজারে গিয়ে দেখা যায়, সেখানকার মাছের বাজার ও আড়তগুলোতে প্রচুর ইলিশ। বিক্রেতারা বরফ দিয়ে ইলিশ সংরক্ষণ করছেন। বিকিকিনিও ভালো।
কয়েকজন মাছ ব্যবসায়ী ও জেলে জানান, গত ১৫ দিনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে ৩৫–৫০ টন ইলিশ বিক্রি হয়েছে। ওই দুই উপজেলায় ২৯টি বাজার আছে। এসব বাজারে প্রতিদিন ১২–১৫ মণ মাছ বিক্রি হয়।
মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের মাছবিক্রেতা বিমল চন্দ্র বলেন, ‘এইবার ইলিশের মৌসুমে বাজারে তেমন ইলিশ আইয়ে নাই। এহন অসময়ে বাজার ইলিশে ছাইয়া গেছে। দরদাম, বেচা-বিক্রিও খারাপ না। মেঘনা-পদ্মায় জেলেদের জালে অনেক ইলিশ ধরা পড়নে বাজারেও প্রচুর মাছ আইতাছে। মাঝারি আকারের প্রতি কেজি ইলিশ ৩০০-৩৫০ এবং বড় আকারের প্রতি কেজি ইলিশ ৪০০-৫০০ টাকায় বেচা অইতাছে। কিনুইন্নারাও খুশি।’
মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার জেলে পরিমল দাস বলেন, ‘ ৩০-৪০ বছর ধইরা মেঘনায় ইলিশ ধরতাছি। কোনো সুমই ফেব্রুয়ারি মাসে জালে ইলিশ পাই নাই। এইবার পাইতাছি। অবাক লাগতাছে!’
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাস ইলিশের মৌসুম। এবার ওই সময় নদীতে তেমন ইলিশ ধরা পড়েনি। এখন প্রচুর ধরা পড়ছে। একটু অবাক হওয়ার বিষয় এটি।’
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার বলেন, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে মা ইলিশ রক্ষার কর্মসূচি সফল হওয়ায় অসময়েও প্রচুর ইলিশ ধরা পড়ছে। এ জন্য বাজারে এত ইলিশ। ক্রেতারাও কম দামে ইলিশ কিনতে পারছেন।