মতলবে ইট উৎপাদন বন্ধ সাত মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লা সংকটে চাঁদপুরের মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার ১৪টি ইটভাটায় প্রায় সাত মাস ধরে ইট উৎপাদন বন্ধ আছে। এতে আার্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইটভাটার মালিকেরা। বিপাকে পড়েছেন ১০ হাজার শ্রমিক।
মতলব দক্ষিণ এবং মতলব উত্তর উপজেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, উল্লিখিত দুই উপজেলায় ইটভাটার সংখ্যা ১৫। এর মধ্যে গত জুন মাস থেকে ইট উৎপাদন বন্ধ রয়েছে ১৪টি ইটভাটার। এগুলো হলো মতলব দক্ষিণের মতলব স্ট্যান্ডার্ড, শাহপরান, সিএসবি, কেএসবি এবং মতলব উত্তরের এএসবি, টিএমবি, এসবিএম, এফএসবি-১ সহ ১০টি ইটভাটা। এই উপজেলায় এনএসবি নামের একটি ইটভাটায় ইট উৎপাদন চলছে।
মতলব স্ট্যান্ডার্ড ইটভাটার মালিক জামালউদ্দিন বলেন, মাটি উত্তোলনে প্রতি ইটভাটায় খরচ হয়েছে ৫০-৬০ লাখ টাকা। এখন ইট উৎপাদন করতে না পারলে মৌসুম শেষে প্রতি ইটভাটার মালিককে ৫০ লাখ থেকে এক কোটি টাকার লোকসান গুনতে হবে।
মতলব ব্রিকস ইটভাটার শ্রমিক সাইদুর রহমান বলেন, ‘ইটভাটা বন্ধ থাহায় আমরা বেকার। কাম-কাইজ নাই, পকেটে পইসাও নাই। ছেলেপুলে নিয়া বহুত সমস্যায় আছি।’
উপজেলা সদরের মেইন হোস্টেল এলাকার নির্মাণ ঠিকাদার মাজহারুল ইসলাম বলেন, ইট তৈরি বন্ধ থাকায় বেড়ে গেছে পুরোনো ইটের দাম। ছয় মাস আগে প্রতি হাজার ইটের দাম ছিল সাত হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ১০ হাজার টাকা।