মতলবে এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ
তুচ্ছ ঘটনা ও পূর্বশত্রুতার জের ধরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক ছাত্রকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার বহরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের নাম রাজু খান (২১)। তিনি উপজেলার পিংড়া গ্রামের বাদল খানের ছেলে ও ঢাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। ঈদের কয়েক দিন আগে তিনি গ্রামের বাড়ি আসেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে রাজুদের গ্রামের পাশের বহরী উচ্চবিদ্যালয়ের মাঠে বহরী ও পিংড়া গ্রামের দুটি দলের মধ্যে ফুটবল খেলা হয়। এতে বহরী দল ৩-২ গোলে জয়ী হয়। খেলার শেষ পর্যায়ে বহরী দলের তৃতীয় গোল নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। বিতর্ক এড়াতে খেলার রেফারি গোলপোস্টের পাশে দাঁড়ানো রাজুর কাছে গোল হয়েছে কি না জানতে চান। রাজু গোল হয়েছে বলে রেফারিকে তাঁর মতামত জানান। এতে তাঁর ওপর ক্ষিপ্ত হন পিংড়া গ্রামের বাসিন্দা মো. শাওন (২০), মো. জোটন (১৯) ও মো. শাহ আলম (২২)।
ওই সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শাওন, জোটন ও শাহ আলম মুঠোফোনে রাজুকে পিংড়া গ্রামের পাশের বহরী গ্রামের এয়ারপোর্ট এলাকায় যেতে বলেন। তিনি সেখানে গেলে তাঁরা লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটান। এতে তাঁর (রাজুর) মাথা, মুখ, নাক ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। আহত রাজুকে পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে রাজুর বাবা বাদল খান বলেন, তাঁর ছেলের মাথায় গুরুতর জখম হয়েছে। রাজুর অবস্থা আশঙ্কাজনক। ওই তিন বখাটে কয়েক দিন আগে তাঁর (বাদল) বাড়ির এক কাজের মেয়েকে উত্ত্যক্ত করলে তাঁর ছেলে (রাজু) এর প্রতিবাদ করেন এবং তাঁদের শাসিয়ে দেন। ওই ঘটনার জের ধরে এবং ফুটবল খেলায় গোলের ব্যাপারে মতামত দেওয়ায় তাঁর ছেলের ওপর হামলা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি এই ঘটনায় দু-এক দিনের মধ্যে মামলা করবেন।
হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য শাওন, জোটন ও শাহ আলমের সঙ্গে তাঁদের মুঠোফোনে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁরা ফোন ধরেননি।