এসএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর আকবর আলী খান উচ্চবিদ্যালয় কেন্দ্রের (মতলব-৩) সচিবের দায়িত্ব থেকে রফিকুর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আবদুল ওয়াহিদ মো. সালেহ।ইউএনও আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বেচ্ছাচারিতা, নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের নকলের সুযোগ করে দেওয়া, কক্ষ পরিদর্শকদের সঙ্গে সমন্বয়হীনতা এবং শিক্ষকদের আনা একাধিক অভিযোগের ভিত্তিতে আকবর আলী খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ইসলামী শিক্ষা বিষয়ের পরীক্ষা থেকে নতুন কেন্দ্রসচিব দায়িত্ব পালন করবেন।’ ওই কেন্দ্রে এক পরীক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় গত রোববার বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে পরীক্ষার্থীর বাবা লোকজন নিয়ে কক্ষ পরিদর্শক ধনাগোদা তালতলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাঁর পা ভেঙে দেন।