মতলবে খাদ্যে বিষক্রিয়ায় ১১ শ্রমিক অসুস্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১১ নির্মাণশ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার সুজাতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এই ১১ শ্রমিক সুজাতপুর বাজার এলাকায় জনৈক সালামত মিজির নির্মাণাধীন সাত তলা ভবনে নির্মাণশ্রমিকের কাজ করেন। তাঁদের বাড়ি বিভিন্ন জেলায়। অসুস্থ হয়ে পড়া নয়জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর দুজন শ্রমিক স্থানীয় একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা নেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় ওই শ্রমিকেরা অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের স্যালাইন ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে। তাঁদের সুস্থ হতে সময় লাগবে।

হাসপাতালে ভর্তি নির্মাণশ্রমিক মো. টিপুসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ১১ জন আজ সকাল আটটার দিকে সেখানে কর্মরত বাবুর্চির রান্না করা ভাত ও মিষ্টি কুমড়ার ভাজি খান। এর ১৫-২০ মিনিট পর তাঁরা সবাই বমি ও পাতলা পায়খানা করতে করতে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞানও হারিয়ে ফেলেন কেউ কেউ। এ খবর বাজার এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। সেখান থেকে গুরুতর অসুস্থ নয় শ্রমিককে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কারও সঙ্গে তাঁদের বিবাদ বা শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।

নির্মাণাধীন ওই ভবনের মালিক সালামত মিজির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, তাঁকে কেউ বিষয়টি জানায়নি। এ ব্যাপারে মামলাও হয়নি। তিনি খোঁজ-খবর নিয়ে দেখবেন।