মতলবে গৃহবধূর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামে মনিরা আক্তার ওরফে ঝরনা (২৮) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটায় গ্রামের দেওয়ানবাড়িতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূ উপজেলার দক্ষিণ ঠেটালিয়া গ্রামে নূরুল হক মোল্লার মেয়ে। তাঁর স্বামী তাজুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। গৃহবধূর বড় ভাইয়ের দাবি, মনিরাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
পরিবার ও এলাকাবাসী জানান, আট বছর আগে ওই গৃহবধূর সঙ্গে তাজুল ইসলামের বিয়ে হয়। তাঁদের ঘরে ছয় বছর ও তিন বছরের দুটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। শুক্রবার সন্ধ্যা থেকে স্বামী, শ্বশুর ও শাশুড়ির সঙ্গে মনিরার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে মনিরা কিছুক্ষণ চিৎকার করার পর থেমে যান। রাত সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন ঘরের ভেতরে এসে আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান এবং পরে তাঁরা মনিরার পরিবারকে বিষয়টি জানান। পরে ওই গৃহবধূর বাবার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হলে রাত ১২টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৃহবধূর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তাঁর বোনকে যৌতুকের দাবিতে স্বামী ও তাঁর পরিবার মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। এ পর্যন্ত যৌতুক হিসেবে চার লাখ টাকা দেওয়া হয়েছে। তার পরও বারবার যৌতুক চেয়ে অত্যাচার করলে কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন মনিরা। এ নিয়ে এলাকায় একাধিকবার দেনদরবারও হয়েছে।
ঘটনার পর থেকেই মনিরার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুর—সবাই পলাতক। তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।