মতলবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তিন ব্যক্তি দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বরদিয়া আড়ং বাজারে এ দুর্ঘটনা ঘটে।
ওই বাজারের তিনজন দোকানি বলেন, বেলা ১১টায় ওই বাজারে দিলীপ বণিকের স্বর্ণের দোকানে তাঁর ভাই ও দুই কর্মচারী অলংকার তৈরির কাজ করছিলেন। আচমকা দোকানের ভেতরে রাখা একটি গ্যাসের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে দোকানে আগুন লেগে যায়। আগুনে পুড়ে যায় পুরো দোকান। দগ্ধ হন দোকানের কর্মচারী নন্দন বণিক (৩৫), বিষু বণিক (৩২) ও দিলীপ বণিকের ভাই নয়ন বণিক (৩৫)। তাঁদের চিৎকারে আশপাশের দোকানিরা এগিয়ে আসেন এবং বালতি দিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নন্দন, বিষু ও নয়নকে সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গতকাল বেলা তিনটায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের স্থানান্তর করেন।
চিকিৎসকের বরাত দিয়ে দিলীপ বণিক বলেন, আগুনে তাঁর ভাই ও দুই কর্মচারীর শরীরের মুখ, পিঠ, পা, বুকসহ শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের পেছনে কী কারণ, তা বলতে পারছেন না।