মতলবে চাল পাচ্ছেন না তিন হাজার জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা ও পদ্মা নদীতে আগামী ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে অলস বসে আছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তিন হাজারের বেশি জেলে। বরাদ্দের অভাবে তাঁরা পুনর্বাসন কর্মসূচির ভিজিএফের চালও পাচ্ছেন না।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা-ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। মেঘনার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় এবং পদ্মার কিছু অংশ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এ কারণে উপজেলার ৬ হাজার ৫৯২ জন জেলে মাছ ধরতে পারছেন না। এর মধ্যে কার্ডধারী জেলে ৩ হাজার ৫৯২ জন ও কার্ডবিহীন জেলের সংখ্যা ৩ হাজার। পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩ হাজার ৪৯৪ জন জেলের জন্য চাল আসে। অন্যদের জন্য চালের বরাদ্দ আসেনি।