মতলবে জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত বৃহস্পতিবার জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পোশাক ব্যবসায়ী লিয়াকত হোসেনকে (৫৫) হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিয়াকত উপজেলার এনায়েতনগর গ্রামের মোহসেন সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এনায়েতনগর গ্রামের সাহেব বাজারে আবদুল মান্নানের হোটেলে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য রাত সাড়ে নয়টার দিকে লিয়াকত ও তাঁর প্রতিপক্ষ জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য শিল্পপতি এ বি মঈন উদ্দিনের (টুনু হাজি) লোকদের মধ্যে বৈঠক হয়।এ সময় মঈন উদ্দিনের সমর্থক টিপু মিয়া, অপু মিয়া, ধনু মিয়া, জিসান আহমেদ, নুরুল আমিনসহ ১৫-২০ জন লোক রামদা, চাপাতি দিয়ে লিয়াকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যান। পরে লোকজন লিয়াকতকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া হামলায় মমিন মিয়া নামে এক ঠিকাদার আহত হন। আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। উত্তেজিত জনতা মঈন উদ্দিনের বাড়ি রাতভর ঘেরাও করে রাখে। পরে পুলিশ শামীম হোসেন, রনি মিয়া ও মো. অহিদুল্লা নামে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে নিহতের ভাতিজা তৌফিক আজিম বাদী হয়ে মঈন উদ্দিন, মোহন মাস্টার, জিসান আহমেদ, ধনু মিয়া, নুরুল আমিনসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী সিকদার প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।