মতলবে ডায়রিয়ায় চারজনের মৃত্যু, আক্রান্ত দুই হাজার
চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলাসহ অন্যান্য উপজেলায় ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ২০ দিনে (১-২০ এপ্রিল) এ রোগে আক্রান্ত হয়েছে দুই হাজার ব্যক্তি। এর মধ্যে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মতলব শাখায় ভর্তি হয়েছে এক হাজার ৯৬৯ জন।আইসিডিডিআরবিতে নেওয়ার পথে মারা গেছে চারজন। ২০ এপ্রিল ফরিদগঞ্জ উপজেলার তাছলিমা আক্তার (৩০), ১৯ এপ্রিল কচুয়া উপজেলার রফিক মিয়া (০৩), ১৭ এপ্রিল মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া গ্রামের আক্কাছ আলী (৬৫) এবং ১২ এপ্রিল কুমিল্লার লাকসাম উপজেলার জয়দুরুন্নেছা (৪০) মারা গেছেন। কর্মরত উপাত্ত ব্যবস্থাপনা সহকারী মিজানুর রহমান জানান, ভর্তি হওয়া রোগীদের বেশির ভাগই এসেছে মতলব উত্তর ও দক্ষিণ, কচুয়া, হাইমচর, ফরিদগঞ্জ, চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা থেকে। কিছু এসেছে শরীয়তপুর, কুমিল্লা, বরুড়া, লাকসাম এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে। আক্রান্তদের বেশির ভাগই শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তি। আইসিডিডিআরবি মতলব শাখার ভারপ্রাপ্ত সিনিয়র ফিজিশিয়ান আল ফজল খান বলেন, ‘মূলত দূষিত পানি পান, পচা-বাসি খাবার গ্রহণ এবং ভাপসা গরমের কারণেই এত বেশি হারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তীব্র পানিস্বল্পতা নিয়ে ভর্তি হচ্ছে ২৫ শতাংশ রোগী। আক্রান্তদের খাবার স্যালাইন, শিরায় স্যালাইন এবং ক্ষেত্রবিশেষে অ্যান্টিবায়োটিকও দেওয়া হচ্ছে।’তিনি জানান, পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও সামনে অবনতির আশঙ্কা রয়েছে। এখানে পর্যাপ্ত স্যালাইন, ওষুধ মজুদ রয়েছে বলেও তিনি দাবি করেন। পরিস্থিতি মোকাবিলায় এখানে অতিরিক্ত একজন চিকিৎসক, তিনজন সেবিকা এবং চারজন স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালে রোগীর স্থান সংকুলান না হলে প্রয়োজনে বাইরে তাঁবু খাটিয়ে রোগীদের জায়গা করে দেওয়া হবে।রাঙ্গুনিয়ায় দুই দিনে ভর্তি ৩০১ রোগীআমাদের রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলার চারটি হাসপাতালে বুধবার ও গতকাল বৃহস্পতিবার ৩০১ জন রোগী ভর্তি হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত আরও ৭৬৪ জন রোগী হাসপাতালগুলোর বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে।সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার পোমরা, সরফভাটা, কোদালা, শিলক, পদুয়া, চন্দ্রঘোনা, হোছনাবাদ, মরিয়মনগর, রাজানগর, পারুয়া ও স্বনির্ভর ইউনিয়ন এবং পৌর এলাকার পাহাড়ি এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট চলছে। এসব এলাকার মানুষ খাল, বিল ও পাহাড়ি ছড়ার পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক স্মৃতি বিকাশ বড়ুয়া জানান, গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আরও ১৭৯ জন বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে। চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের রেজিস্ট্রার আবুল কাশেম জানান, গত দুই দিনে ৮১ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ১৫৩ জন। পদুয়া সুখবিলাস শারজাহ হাসপাতালের রেজিস্ট্রার নূর মোহাম্মদ জানান, দুই দিনে ৬৭ জন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়েছে ১৯৯ জন। চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশনারি হাসপাতালের রেজিস্ট্রার প্রভুদান মনু জানান, দুই দিনে ৯১ জন ভর্তি হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ২৩৩ জন রোগী।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস বলেন, ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।