মতলবে তিন বছরে ১ হাজার ৬৫২টি বিবাহবিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় কয়েক বছর ধরে ব্যাপক হারে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। গত তিন বছরে ১ হাজার ৬৫২টি বিবাহবিচ্ছেদ হয়েছে।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা কাজি সমিতি সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কাজি অফিসে ২ হাজার ৭১৬টি বিয়ের নিবন্ধন হয়। এর মধ্যে বিচ্ছেদ ঘটে ৩৮৩টি। ২০১৫ সালে নিবন্ধন হয় ৩ হাজার ৩১৫টি বিয়ের। বিচ্ছেদ ঘটে ৬৯৯টির। ২০১৬ সালে নিবন্ধন হওয়া বিয়ের সংখ্যা ২ হাজার ২৩১। এর মধ্যে বিচ্ছেদ ঘটে ৫৭০টি বিয়ের। এই তিন বছরে উপজেলা দুটিতে মোট ৮ হাজার ২৬২টি বিয়ের নিবন্ধন হয়। এর মধ্যে বিচ্ছেদ ঘটে ১ হাজার ৬৫২টি।
মতলব দক্ষিণ উপজেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বলেন, বিবাহবিচ্ছেদের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। কারণ বিবাহ ও বিচ্ছেদের সঠিক পরিসংখ্যান দেওয়া প্রায় অসম্ভব। কিছু বিয়ে হয় আদালতে। আবার নিবন্ধন ছাড়াও বিয়ে হচ্ছে।
জেলা রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ ও ২০১৬ সালে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় বিবাহবিচ্ছেদের গড় হার ছিল প্রায় ২৩। জেলার অন্য ছয় উপজেলায় এ হার ছিল প্রায় ১৫।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালের হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিল্যান্স সিস্টেম (এইচডিএসএস) বিভাগ সূত্রে জানা গেছে, এ বিভাগের উদ্যোগে ২০০৯ থেকে গত বছর পর্যন্ত বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে জরিপ চালানো হয়। মতলব দক্ষিণের ৫৫, মতলব উত্তরের ৬২ ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২৫টিসহ মোট ১৪২টি গ্রামের ওপর এ জরিপ চালানো হয়। গত বছরের মে মাসে প্রকাশিত জরিপের প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালে এসব এলাকায় নিবন্ধন হয়েছে ২ হাজার ৭১৬টি বিয়ের। নিবন্ধন হয়নি ২৫১টির। বিচ্ছেদ হয়েছে ৩৮৩টির। এর মধ্যে যৌতুকের কারণে ৯টি, পারিবারিক সহিংসতার ২১, স্বামীর পরকীয়ার ৭২, স্ত্রীর পরকীয়ার ৬৩, পারিবারিক সামঞ্জস্যহীনতার ১২৩, মাদকাসক্ত স্বামীর কারণে ৯, স্বামী নিরুদ্দেশ থাকায় ৮, স্বামী বা স্ত্রীর চেহারা ভালো না হওয়ায় ১৯, স্বামীর শারীরিক অক্ষমতায় ২৩, স্ত্রীর শারীরিক অক্ষমতায় ১১ এবং অন্যান্য কারণে ২৫টি বিবাহবিচ্ছেদ ঘটে।
আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (এইচডিএসএস) মো. তসলিম আলী বলেন, পারিবারিক সহিংসতা ও সামঞ্জস্যহীনতা, স্বামী-স্ত্রীর পরকীয়া প্রেম, শারীরিক অক্ষমতাসহ ১১টি কারণে এত বিবাহবিচ্ছেদ হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ এলাকায় এত বিবাহবিচ্ছেদ হচ্ছে, তা তিনি জানতেন না।