চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার কয়েকটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনকারী ৬০ আনসার সদস্য এখনো পারিশ্রমিক পাননি। কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় এ সমস্যা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, গত মার্চে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা চলাকালে ৩০ জন আনসার সদস্যকে মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয় ও নারায়ণপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও আনসার-ভিডিপি কার্যালয়ের নির্দেশে তাঁরা কেন্দ্রে দায়িত্ব পালন করেন। এসএসসির ফল প্রকাশের পরও তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়নি। এ ছাড়া গত এইচএসসি পরীক্ষায় মতলব ডিগ্রি কলেজ ও মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে আরও ৩০ আনসার সদস্যকে আইনশৃঙ্খলার দায়িত্বে রাখা হয়। তাঁরাও পারিশ্রমিক পাননি।
ভুক্তভোগী আনসার সদস্য শহীদউল্লাহ ও মো. বাবুল অভিযোগ করেন, তাঁরা বিষয়টি আনসার-ভিডিপি কর্মকর্তা ও ইউএনও অনেক আগেই জানিয়েছেন।
মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব মো. বোরহানউদ্দিন বলেন, কেন্দ্রে আনসার সদস্যদের দায়িত্ব দিয়েছে উপজেলা প্রশাসন। পারিশ্রমিকও দেওয়ার কথা প্রশাসনেরই। পরীক্ষার মতলব ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আবদুস সামাদ বলেন, প্রশাসনের নির্দেশেই আনসার সদস্যরা কেন্দ্রে এসেছেন। তাঁদের ডেকে আনা হয়নি।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, এসব আনসার সদস্যকে পারিশ্রমিক দেওয়ার জন্য ইউএনওর কার্যালয়ে তিনি দেড় লাখ টাকার বিল জমা দিয়েছেন। কিন্তু এখনো টাকা পাননি।
ইউএনও ফারহানা ইসলাম বলেন, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী সবার পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কেন্দ্রের। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।