মতলবে দুই পক্ষের সংঘর্ষ, ৪০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চিরারচরে গতকাল শুক্রবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের লোকজন চিরারচরের ৪০টি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং শতাধিক গবাদিপশু, ১৫টি ট্রাক্টর, ১৬টি ট্রলারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খেয়া পারাপার নিয়ে ঈদুল আজহার দিন বুধবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচরের কুদ্দুস আলীকে (২৪) মারধর করে চিরারচরে লোকজন। ঘটনার পর থেকে কুদ্দুস চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি। এ নিয়ে সালিস করতে গতকাল চিরারচরে যায় রাজরাজেশ্বরের লোকজন। কিন্তু সালিস শুরুর আগেই বিকেল তিনটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।একপর্যায়ে রাজরাজেশ্বরের লক্ষ্মীরচরের ওসমান গাজীসহ দেড় শ লোক অস্ত্রশস্ত্র নিয়ে চিরারচরের লোকজনের ওপর হামলা চালিয়ে ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তারা চিরারচরের বোরহান বেপারী, রহমান মেম্বার, বসু মেম্বার ও লাভলু বেপারীর চৌচালা বসতঘরসহ ৪০টি বসতঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুস্তম আলী শিকদার ঘটনাস্থলে ছুটে যান। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে ঘটনাস্থল থেকে তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তিন-চার কোটি টাকা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হযরত আলী জানান, চিরারচর গ্রামে তাঁরা আগের একটি ঘটনা মীমাংসা করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে তাঁরা সালিস না করেই চলে আসেন।