মতলবে দুই শিক্ষককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। সময় মেনে বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগ এনে গত রোববার তাঁদের এ নোটিশ দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও)।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা এবং বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে ওই সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। আরও শতাধিক শিক্ষককে এ নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।
নোটিশপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জেসমিন সুলতানা জানান, তিনি নিয়ম ও সময় মেনেই তাঁর বিদ্যালয়ে আসা-যাওয়া করছেন এবং আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। বিদ্যালয় পরিদর্শন না করেই টিইও হয়রানির উদ্দেশ্যে এ নোটিশ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, টিইও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও নানাভাবে হয়রানি করেন। এ জন্য শিক্ষকেরা তাঁর বদলি চাচ্ছেন।
এ ব্যাপারে মিজানুর রহমান জানান, কোনো কারণ ছাড়াই টিইও তাঁকে নোটিশ দিয়েছেন। এতে তাঁর সামাজিক মর্যাদা নষ্ট হয়েছে।
কোনো শিক্ষকই টিইওর কাছে নিরাপদ নন।
টিইও আঞ্জুমান আরা বেগম জানান, ওই দুই শিক্ষকের ক্ষতি করার জন্য তিনি এ নোটিশ দেননি। তাঁরা যাতে সরকারি নিয়ম মেনে ঠিক সময়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করান, সে জন্যই এ নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তিনি শিক্ষকদের অনৈতিক চাপে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, টিইও ও শিক্ষকদের দ্বন্দ্বে শিক্ষা কার্যালয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা বিরাজ করছে। এ সমস্যার দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।