মতলবে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে কলাকান্দা ইউনিয়নে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলাকান্দা ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আ. সাত্তার ও মো. হালিম নামের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল সকাল নয়টার দিকে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আ. ছাত্তারের কর্মীরা জাল ভোট দেওয়ার অভিযোগ এনে মো. হালিমের এক নারী কর্মীকে লাঞ্ছিত করেন। এতে ক্ষিপ্ত হন হালিমের কর্মীরা। তাঁরা লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রের বাইরে অবস্থান নেন। ছাত্তারের কর্মীরাও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের মুখোমুখি হন। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।