মতলবে নামেই বিজয়মেলা, তলে তলে জুয়াখেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফেরিঘাট এলাকায় বিজয়মেলার আড়ালে জুয়া ও অশ্লীল নৃত্য চলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, এসব অসামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় তরুণেরা বিপথে যাচ্ছে। সর্বস্বান্ত হচ্ছে অনেকে। পুলিশের সামনে এসব চললেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ১৬ ডিসেম্বর মাসব্যাপী এ মেলা শুরু হয়। উপজেলার বাইশপুর গ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় কর্মী এ মেলার আয়োজন করেন।সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই মেলায় মানুষের ঢল নামে। মেলামঞ্চের এক পাশে চলছে লটারি, হাউজি; আরেক পাশে জুয়ার আসর। মঞ্চে যাত্রাপালার ফাঁকে ফাঁকে চলছে অশ্লীল নৃত্য, তখন বাইরে অবস্থানরত পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। বাইশপুর গ্রামের যুবক মাঈনউদ্দিন ও ফতেপুর গ্রামের কলেজছাত্র মনির হোসেন বলেন, এখানে মেয়েদের উদোম নাচ ও জুয়া প্রতিদিনই হচ্ছে। রাত আটটা থেকে ভোররাত পর্যন্ত এসব চলে। জুয়া খেলে সর্বস্বান্ত হচ্ছে অনেকে। এটা নামেই বিজয়মেলা, তলে তলে জুয়াখেলা।মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘মেলায় জুয়া ও অশ্লীল নৃত্য চলার বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখব।’ জানতে চাইলে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’