মতলবে নিউমোনিয়ায় ১৪০০ শিশু আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় গত এক মাসে শীতজনিত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১ হাজার ৪০০-এর বেশি শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। গত দুই দিনে জামালপুরের সরিষাবাড়ীতে ২৭ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এখানে ১৮৬টি শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া ওই ৩১ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে একই রোগে আরও ১ হাজার ২৪০ শিশু চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে চিকিৎসা নিয়েছে ৪৬ শিশু। এ সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। স্বাভাবিক সময়ে এ রোগে প্রতিদিন গড়ে প্রায় ২৩টি শিশু চিকিৎসা নেয়। গতকাল বেলা ১১টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ৪ শিশু। বহির্বিভাগে চিকিৎসা নেয় ১৫ শিশু। চিকিৎসা নেওয়া এসব শিশুর ৯০ শতাংশই পাঁচ বছর বয়সী।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, সেখানকার শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে ১০-১২ জন করে শিশু নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছে। কিছু শিশুকে নার্স নেবুলাইজার দিচ্ছেন।
মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শিশু আল-মামুনের (চার মাস) মা খুকু মনি বলেন, ‘শ্বাসকষ্ট ও জ্বর অওনে চার দিন আগে পোলাডারে এনো ভর্তি করাইছি। হেরা গ্যাস (নেবুলাইজার) ও অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিছে। এহন কিছুডা বালা।’
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম। প্রচণ্ড শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। শিশুদের সুস্থ হতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগে। এ রোগ প্রতিরোধে শিশুদের শরীর গরম রাখতে হবে। যেসব শিশু মায়ের দুধ পান করে, তাদের ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। আক্রান্ত শিশুদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আক্রান্তদের পরিবার সূত্রে জানা যায়, দুই দিন ধরে শৈত্যপ্রবাহে উপজেলার সাতপোয়া, কামরাবাদ, মহাদান, ভাটারা, ডোয়াইল, পোগলদিঘা, আওনা ও পিংনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। শীত বেড়ে যাওয়ায় শিশুরা ডায়রিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঠান্ডা বেড়ে যাওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাচ্ছে। গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৭টিই শিশু।