মতলবে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা মধ্যবর্তী ধনাগোদা নদীতে ফেরি চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। মতলব ফেরিঘাটের দুই পাড় বন্যার পানিতে ডুবে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চাঁদপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোর পাঁচটা থেকে হঠাৎ ওই ফেরিঘাটের দুই পাড় বন্যার পানিতে তলিয়ে যায়। ফলে ফেরিতে যানবাহন ওঠানামা করতে না পারায় ওই সময় থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল বুধবার সকাল ১০টায় মতলব ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ওই ঘাটের দুই পাড় তিন-চার ফুট পানির নিচে। ঘাট-সংলগ্ন সড়কে আটকে আছে অর্ধশতাধিক যানবাহন। মতলব-দাউদকান্দি, মতলব-চাঁদপুর, মতলব-নারায়ণগঞ্জ ও মতলব-ঢাকা সড়কপথের এসব যানবাহনের অন্তত দুই শতাধিক যাত্রী সেখানে দুর্ভোগ পোহাচ্ছে।
ঢাকা শহরের একটি তৈরি পোশাক কারখানার মালিক শাহ আলম বলেন, আজ সকাল নয়টা থেকে এক ঘণ্টা ধরে ফেরিঘাটে আটকে আছেন। এই দুর্ভোগ কখন শেষ হবে জানেন না।
এ বিষয়ে সওজের চাঁদপুর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দত্ত বলেন, পানি কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।