মতলবে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামে ব্যবসায়ী লিয়াকত উল্লাহ হত্যা মামলার বাদী তৌফিক আজিমের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ১৫ জনকে আহত করে এবং তিন-চারটি ঘর ভাঙচুর ও নগদ ৪০ হাজারসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টায় গ্রামের সরকারবাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রলারযোগে ৩০-৪০ জন দুর্বৃত্ত সরকারবাড়িতে ঢুকে রামদা, টেঁটা দিয়ে এলোপাতাড়ি কোপালে ১৫ ব্যক্তি আহত হন। গুরুতর আহত মকবুল সরকারকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও লিয়াকত হত্যা মামলার বাদী ও লিয়াকতের ভাতিজা তৌফিক আজিম (২৭), মামলার সাক্ষী জুয়েল সরকার (২৪), খোরশেদ আলমকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তিন-চারটি বসতঘর, আসবাব ভাঙচুর ও বাদীর ঘরে রক্ষিত ৪০ হাজার টাকা, অলংকার, টিভিসহ বেশ কিছু মালামাল লুট করে। তৌফিক আজিম অভিযোগ করেন, হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শিল্পপতি হাজি এ বি মঈনউদ্দিনের ভাড়া করা লোকেরাই এ ঘটনা ঘটিয়েছে। দুর্বৃত্তরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে গালিগালাজ করে ও খুন করার হুমকি দেয়। এ ব্যাপারে হাজি এ বি মঈনউদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ট্রলারচালক মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি উত্তর বাইশপুর গ্রামে। মামলার প্রস্তুতি চলছে।