মতলবে বিএনপির তিন প্রার্থীর দুজন এলাকাছাড়া
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২ ইউনিয়নের মধ্যে নয়টিতেই চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। বিএনপির দুজন চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকিতে এলাকাছাড়া।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ফতেপুর পূর্ব, ফরাজীকান্দি ও জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী রয়েছেন।
বিএনপির প্রার্থীদের মধ্যে জহিরাবাদ ইউনিয়নে মো. সোলেমান এবং ফরাজীকান্দি ইউনিয়নে আবদুল লতিফ অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা মুঠোফোনে তাঁদের হুমকি দিচ্ছেন। ১৫ দিন ধরে তাঁরা এলাকায় যেতে পারছেন না। তাঁদের দলের নেতা-কর্মী ও সমর্থকেরা এলাকায় প্রচারণা চালাতে পারছেন না। তাঁদের পোস্টারও লাগাতে দেওয়া হচ্ছে না। হুমকি ও চাপ দিয়ে নির্বাচন থেকে তাঁদের সরিয়ে রাখছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিষয়টি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসেন বলেন, তাঁর দলের কোনো নেতা-কর্মী বিএনপির কোনো প্রার্থীকে হুমকি দেননি। প্রচারণায়ও তাঁদের বাধা দেওয়া হয়নি। থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, বিএনপির প্রার্থীদের হুমকি দেওয়ার বিষেয় কোনো অভিযোগ পাননি।