মতলবে ভুতুড়ে বিলের জালে গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিরুদ্ধে অতিরিক্ত বিল করার অভিযোগ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গ্রাহকেরা। গত ২৯ জুন স্থানীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) কাছে লিখিত অভিযোগ করেন একাধিক গ্রাহক।
উপজেলার দক্ষিণ ফতেপুর গ্রামের বাসিন্দা সরকার মো. ইলিয়াস অভিযোগ করেন, গত মার্চে তিনি ৭৬২, এপ্রিলে ৮৯৪, মে মাসে ৬৮৪ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেন। এক বছর ধরে গড়ে প্রতি মাসে ৬০০ থেকে ৮০০ টাকার বিদ্যুৎ বিল দিয়ে আসছেন। কিন্তু গত জুন মাসে হঠাৎ ৪৪০ ইউনিট বিদ্যুতের ব্যবহার দেখিয়ে বিল করা হয়েছে ২ হাজার ৪৭১ টাকা, যা অস্বাভাবিক। তিনি আরও অভিযোগ করেন, মুঠোফোনে অস্বাভাবিক বিল পাঠানোর কথা পবিসের এজিএমকে জানিয়েও কাজ হয়নি। এ জন্য তিনি পুনরায় লিখিত অভিযোগ করেছেন।
দক্ষিণ ফতেপুর গ্রামের আরেক বাসিন্দা ইদ্রিস মিয়া অভিযোগ করেন, এক-দুই বছর ধরে প্রতি মাসে গড়ে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকার বিদ্যুৎ বিল দিচ্ছেন। কিন্তু চলতি জুনে তাঁর বিল দেখানো হয় ৩ হাজার টাকা। এতে অতিরিক্ত অর্থ গুনতে হবে। সিরাজুল ইসলাম নামের এক গ্রাহক অভিযোগ করেন, গত এপ্রিল ও মে মাসে তিনি গড়ে ৭৬৩ টাকার বিদ্যুৎ বিল দেন। চলতি জুনে বিল দেখানো হয় ১ হাজার ৩২৬ টাকা। এ ছাড়া দক্ষিণ ফতেপুর গ্রামের শাহপরান, কবির হোসেন, ওয়াদুদসহ ৫০-৫৫ জন গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিরুদ্ধে অস্বাভাবিক বিল পাঠানোর অভিযোগ করেন। ওই গ্রামে সব মিলিয়ে দুই শতাধিক গ্রাহক আছেন।
পবিসের মতলব উত্তর উপজেলা আঞ্চলিক কার্যালয়ের এজিএম মনির হোসেন বলেন, ভুতুড়ে বিলের ব্যাপারে একাধিক গ্রাহকের কাছ থেকে লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছেন।
পবিসের চাঁদপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. ইউছুফ বলেন, ওই উপজেলায় ভুতুড়ে বিলের ব্যাপারে দুজন গ্রাহক মুঠোফোনে তাঁকে জানিয়েছেন। তিনি ওই অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন।