মতলবে মাটি কাটার দায়ে ২০ শ্রমিকের কারাদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ২০ শ্রমিককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার আদালত তাঁদের এ শাস্তি দেন।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম উম্মে হাবিবা। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দণ্ড পাওয়া শ্রমিকেরা হলেন সুমন মিয়া, আমিনুল ইসলাম, আবু তালেব, মিরাজুল ইসলাম, নুরুন্নবী, হাফেজ, সাইফুর রহমান, নুরুন্নবী মিয়া, সালাম আলী, মিজান হোসেন, শফিকুল ইসলাম, সুমন, বাবু, আশরাফ, উমেদ আলী, আকবর আলী, ফরিদ, ইব্রাহিম, হারুন আর রশিদ ও মাহফুজ হোসেন। তাঁদের বাড়ি গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে উল্লিখিত শ্রমিকেরা মতলব উত্তর উপজেলার নাসিরচরে এসে অবৈধভাবে মাটি কেটে ট্রলারে তুলছিলেন। খবর পেয়ে সকাল আটটায় চাঁদপুর কোস্টগার্ডের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক কের।