মতলবে মাদ্রাসায় গণমনস্তাত্ত্বিক রোগের আতঙ্ক

গণমনস্তাত্ত্বিক রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার অধিকাংশ ছাত্রী ক্লাসে আসছে না। গতকাল বুধবার ওই মাদ্রাসায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে। গত শনি ও রোববার মাদ্রাসার ১৪ ছাত্রী হঠাৎ এই রোগে আক্রান্ত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল রহিম খান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষকে আতঙ্ক দূর করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল-আমিন ফরাজী বলেন, ‘দু-এক দিনের মধ্যেই অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সভা করা হবে। ছাত্রীদের উপস্থিতি বাড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ওই মাদ্রাসার কার্যালয় ও দুজন শিক্ষক সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এখানে ৩৫০ জন শিক্ষার্থী আছে। এর মধ্যে ছাত্রী ২৪৫ জন ও ছাত্র ১০৫ জন। গতকাল ক্লাসে উপস্থিত ছিল মাত্র ৫৪ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩১ ও ছাত্র ২৩ জন। গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ৮৮ ভাগ ছাত্রী শ্রেণিকক্ষে আসেনি। স্বাভাবিক সময়ে ১০-১৫ ভাগ ছাত্রী অনুপস্থিত থাকে।
বিদ্যালয় সূত্র জানায়, গত শনি ও রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মাদ্রাসার মাঠে ও শ্রেণিকক্ষে ১৪ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এরা হচ্ছে অষ্টম শ্রেণির হাওয়া আক্তার, শান্তা আক্তার, নূরজাহান আক্তার, জান্নাত আক্তার, লিখা আক্তার, নবম শ্রেণির তাছলিমা আক্তার, শান্তা রহমান, নাজমা আক্তার, দশম শ্রেণির রাবেয়া আক্তার, ফাতেমা আক্তার, সপ্তম শ্রেণির পান্না আক্তার এবং ষষ্ঠ শ্রেণির আমেনা আক্তার, তানজিলা আক্তার ও রূপা আক্তার। এদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনো হাসপাতালে আট ছাত্রী চিকিৎসাধীন। এ কারণে গত সোম ও মঙ্গলবার মাদ্রাসা বন্ধ রাখে কর্তৃপক্ষ।
গতকাল সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই মাদ্রাসায় অবস্থান করে দেখা যায়, অধিকাংশ শ্রেণিকক্ষেই এক-দুজন করে ছাত্রী। ছাত্রীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসী বলে, ‘আমাগো ভয় এখনো কাডে নাই। বাবা-মাও ক্লাসে আসতে দেন না। এলিগা অধিকাংশ ছাত্রী অনুপস্থিত।’
মাদ্রাসার সুপার খলিলুর রহমান বলেন, ‘আজ মাদ্রাসার ৮৮ শতাংশ ছাত্রী অনুপস্থিত। এটা অস্বাভাবিক। আতঙ্ক দূর করে ছাত্রীদের শ্রেণিকক্ষে আনার চেষ্টা চলছে।