মতলবে সন্ত্রাসী হামলায় সাংসদের পিএ গুরুতর জখম, আটক ২
চাঁদপুর-২ আসনের সাংসদ এম রফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী (পিএ) খবির হোসেন (৩৮) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাতে চাঁদপুরের মতলব উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। খবিরকে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। এ ঘটনায় পুলিশ মো. নজরুল ইসলাম (২১) ও মো. নুরুন্নবী (২২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত ১২টার দিকে খবির তাঁর গ্রামের বাড়ি নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে আসছিলেন। পথে টিঅ্যান্ডটি এলাকায় ওত পতে থাকা ১০-১৫ জন সস্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামল চালায়। সন্ত্রাসীরা রামদা ও চাপাতি দিয়ে খবিরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।