স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থগিত হওয়া নরসিংদীর মাধবদী পৌরসভা ও ১৯টি পৌরসভার ৩৯টি কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। গত ৩০ ডিসেম্বর নির্বাচনে গোলযোগের কারণে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়।

আমাদের প্রতিনিধির পাঠানো খবরে জানা যায়, চাঁদপুরের মতলব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচনে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে পুনরায় ভোট নেওয়া হচ্ছে। সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেখানে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি। ম্যাজিস্ট্রেট, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১৫০ জন সদস্য সেখানে উপস্থিত রয়েছেন।

চাঁদপুরের ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ বলেন, এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা এক হাজার ৬২০ জন। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হলেও ভোটারের উপস্থিতি একেবারেই কম। ৩০ ডিসেম্বরের নির্বাচনে মতলব পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মো. আওলাদ হোসেন লিটন জয়ী হয়েছেন।

কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, আজ মাধবদী ছাড়াও ঠাকুরগাঁও সদর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের উলিপুর, বরগুনার বেতাগী, মাদারীপুরের কালকিনি ও নোয়াখালীর চৌমুহনীতে ভোট নেওয়া হচ্ছে। অন্য পৌরসভাগুলোতে আজকের ভোট মেয়র নির্বাচনে প্রভাব ফেলবে না। কারণ, এগিয়ে থাকা মেয়র প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি। তবে কাউন্সিলর নির্বাচনে এই ভোট ভূমিকা রাখবে। এসব পৌরসভার মধ্যে রয়েছে যশোর, নড়াইলের কালিয়া, পটুয়াখালীর কুয়াকাটা, জামালপুর, একই জেলার সরিষাবাড়ী, নরসিংদী, চট্টগ্রামের চন্দনাইশ, চাঁদপুরের মতলব, কুমিল্লার বরুড়া, শরীয়তপুর, ফরিদপুরের নগরকান্দা, ময়মনসিংহের ভালুকা ও বরগুনা।

দুই কাউন্সিলর প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ার কারণে চট্টগ্রামের চন্দনাইশের ৫ নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুরের রামগতির ১ নম্বর এবং কুষ্টিয়ার কুমারখালীর ৯ নম্বর ওয়ার্ডে ভোট নেওয়া হবে।