মতলবে স্বাস্থ্য গবেষণার বিশাল তথ্যভান্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে বেরিয়েছেন কমিউনিটি হেলথ রিসার্চ ওয়ার্কার আয়েশা আক্তার। দুই পাশে তাঁর দুজন জ্যেষ্ঠ সহকর্মী। মতলবের নাগদা গ্রামের মিজিবাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো
বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে বেরিয়েছেন কমিউনিটি হেলথ রিসার্চ ওয়ার্কার আয়েশা আক্তার। দুই পাশে তাঁর দুজন জ্যেষ্ঠ সহকর্মী। মতলবের নাগদা গ্রামের মিজিবাড়ি থেকে তোলা ছবি l প্রথম আলো

নাদিয়ার জন্ম ২০১৪ সালে। নাদিয়ার মা সালমার জন্ম ১৯৮৮ সালে। সালমার মা ফাতেমার জন্ম ১৯৬৮ সালে। ফাতেমার মা সুফিয়ার জন্ম ১৯৪২ সালে। কম্পিউটারে এক নির্দেশেই তাঁদের বাসস্থান, জন্মতারিখ, বয়স, স্বাস্থ্যের নানা তথ্য-উপাত্ত চোখের সামনে চলে আসে।

এই চারজন চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলার নবকলস গ্রামের বাসিন্দা। সুফিয়া থেকে নাদিয়া—এই চার প্রজন্মের উপাত্ত (ডেটা) সংরক্ষিত আছে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলবের হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিল্যান্স সিস্টেমে (এইচডিএসএস)। সুফিয়ার তথ্য সংগ্রহ শুরু হয়েছিল ১৯৬৬ সালে। এখনো তা চলছে। এইচডিএসএসের মাধ্যমে মতলবের ১৪২টি গ্রামের ২ লাখ ৩০ হাজার মানুষের স্বাস্থ্য ও জনসংখ্যার তথ্য-উপাত্ত নিয়মিত সংগ্রহ করছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবির কর্মকর্তা ও বিজ্ঞানীরা দাবি করেছেন, স্বাস্থ্য ও জনসংখ্যা গবেষণার এত বড় ও দীর্ঘস্থায়ী মাঠ (ফিল্ড সাইট) পৃথিবীতে কম আছে। ফিল্ড সাইট হিসেবে মতলব ৫০ বছর পার করল।

এই বিশাল তথ্যভান্ডার ব্যবহৃত হচ্ছে দেশি-বিদেশি গবেষণায়, সরকারের নানা নীতিনির্ধারণী কাজে ও পরিকল্পনায়। আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ১৪টি গবেষণা চলছে মতলবে। এর মধ্যে নতুন টিকার পরীক্ষা (ভ্যাকসিন ট্রায়াল) আছে একাধিক। আর আছে চিকিৎসাপ্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার (ক্লিনিক্যাল ট্রায়াল)। প্রতিটি গবেষণা ও পরীক্ষায় এইচডিএসএসের তথ্য ব্যবহার করা হচ্ছে। আইসিডিডিআরবির গবেষক ছাড়াও এসব গবেষণায় যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডসের গবেষকেরা যুক্ত।

আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী মো. ইউনুস প্রথম আলোকে বলেন, কলেরা নিয়ে যুগান্তকারী যেসব গবেষণা হয়েছে, তাতে বড় ভূমিকা রেখেছে মতলবের উপাত্ত। ৪৮ বছরের কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, কলেরা নিয়ন্ত্রণে (মাংসপেশিতে দেওয়া) ইনজেকশন যে অকার্যকর, তা প্রমাণিত হয় মতলবে। আবার ওআরএস বা খাওয়ার স্যালাইন যে কার্যকর, তা–ও প্রমাণিত হয়েছে মতলবে। দস্তা ব্যবহারে ডায়রিয়া নিয়ন্ত্রণ হয়, তার প্রমাণ হয়েছে এখানে। অন্যদিকে পরিবার পরিকল্পনার যে মডেলের

প্রসার ঘটিয়ে বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে, তারও সূতিকাগার এই মতলব। তিনি বলেন, মতলবের তথ্য-উপাত্ত শুধু বাংলাদেশের নয়, বিশ্বের জনস্বাস্থ্য উন্নতিতে ভূমিকা রেখেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন মতলবে উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের কাজটিকে অত্যন্ত মূল্যবান বলে মন্তব্য করেন। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা ক্রান্তিকাল অতিক্রম করছে। বয়স কাঠামোতে পরিবর্তন আসছে। যুব জনসংখ্যা বাড়ছে। এই তথ্য মতলবের এইচডিএসএস উপাত্তেই প্রমাণিত হয়েছে। তিনি বলেন, নির্ভরযোগ্য এই তথ্য সরকার গুরুত্বের সঙ্গে ব্যবহার করে।

বিশাল তথ্যভান্ডার

মতলব এইচডিএসএসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. তসলিম আলী প্রথম আলোকে বলেন, ‘১৪২টি গ্রামের চার প্রজন্মের তথ্য আমাদের কাছে আছে। ২ লাখ ৩০ হাজার মানুষের তথ্য আমরা প্রতি দুই মাস অন্তর হালনাগাদ করি।’

তসলিম আলী জানান, ডেমোগ্রাফিক বা জনমিতিবিষয়ক ছয় ধরনের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে আছে জন্ম, মৃত্যু, গমনাগমন, বিয়ে, বিবাহবিচ্ছেদ ও পরিবারপ্রধানের পরিবর্তন। অন্যদিকে স্বাস্থ্যবিষয়ক পাঁচ ধরনের তথ্যের মধ্যে আছে নারীর প্রজনন পরিস্থিতি, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার, স্বামীর অবস্থান, শিশুকে খাওয়ানোর অভ্যাস এবং মা ও শিশুর টিকা পরিস্থিতি। এ ছাড়া প্রতিটি বাড়ি, রাস্তা-খাল-নদী-ডোবা, সরকারি প্রতিষ্ঠান ও নলকূপের অবস্থানের তথ্য জিআইএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নেওয়া হয়।

সালমা জানালেন, তাঁর স্বামী থাকেন বিদেশে। তাঁর মেয়ে নাদিয়ার জন্ম হয়েছিল জেলা হাসপাতালে, অস্ত্রোপচারের মাধ্যমে। আইসিডিডিআরবির মতলব হাসপাতালে চারবার প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা হয়। প্রসবে জটিলতার আশঙ্কা থাকায় তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। সালমার এই তথ্যগুলো আইসিডিডিআরবির ভান্ডারে আছে। আইসিডিডিআরবির কাছে মতলবের সব নারীর স্বাস্থ্য তথ্যই আছে।

শুরুতে ছাপানো ফরমে ও বাঁধানো খাতায় তথ্য সংরক্ষণ করা হতো। এখন তথ্য সরাসরি কম্পিউটারে তোলা হয়। পুরোনো খাতার তথ্যও কম্পিউটারে ঢোকানো হয়েছে। খাতাগুলো সংরক্ষিত আছে। তবে প্রতিটি খানার তথ্য একটি নথিতে করে খানায় দেওয়া আছে।

 খাতা থেকে ট্যাব

নাগদা গ্রামের মিজিবাড়ির উঠানে বসে মহিলাদের তথ্য গ্যালাক্সি ট্যাবে তুলছিলেন সার্ভিল্যান্স মাঠকর্মী (কমিউনিটি হেলথ রিসার্চ ওয়ার্কার-সিএইচআরডব্লিউ) আয়েশা আক্তার। তিনি বলেন, মিজিবাড়িসহ তাঁর কর্ম এলাকার সব খানার তথ্য তাঁর ট্যাবে আছে। নতুন ঘটনা ঘটলে, যেমন কেউ মারা গেলে, জন্ম নিলে, কেউ এলাকা ছাড়লে, কেউ গর্ভধারণ করলে তা তিনি ট্যাবে তুলে নেন। এটা নিয়মিত কাজ। তাঁর কর্ম এলাকা ৩৪টি ইউনিটে বিভক্ত। প্রতি মাসে তিনি ১৭টি ইউনিটের প্রতিটি খানার তথ্য নেন। এ ছাড়া নতুন কোনো গবেষণা শুরু হলে মানুষজনকে গবেষণায় অন্তর্ভুক্ত করার প্রাথমিক কাজও তিনি করেন। তাঁর মতো ৪২ জন মাঠকর্মী ১৪২টি গ্রামের তথ্য সংগ্রহ করেন।

আইসিডিডিআরবি মতলবের ১৪২টি গ্রামকে দুই ভাগ করেছে। প্রথম ভাগে চারটি ব্লক। এই চার ব্লকের ৬৭ গ্রামে আইসিডিডিআরবির মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়। অন্য ৭৫টি গ্রাম তিনটি ব্লকে ভাগ করা। এই ব্লকগুলোতে আইসিডিডিআরবির কোনো সেবা নেই। ব্লকগুলো ইউনিটে বিভক্ত। প্রতিটি গ্রামের জন্য পৃথক সাংকেতিক (কোড) নম্বর রয়েছে এবং প্রতিটি নাগরিকের জন্য পৃথক পরিচিতি (আইডেন্টিটি) নম্বর আছে।

আয়েশা আক্তারের মতো ছয়জন মাঠকর্মীর কাজের তদারক করেন ফারজানা হক (সুপারভাইজার)। সংগৃহীত তথ্যের মানও তিনি যাচাই করেন। সুপারভাইজারদের কাজের তদারক করেন ফিল্ড রিসার্চ অফিসার। আর পুরো কাজে নজরদারি করেন তসলিম আলী। তসলিম আলী জানান, চিকিৎসক, নার্স, গবেষক, পরিসংখ্যানবিদ, ব্যবস্থাপক, স্বাস্থ্য সহকারী, মাঠকর্মী মিলে প্রায় ৭০০ মানুষ এখানে কাজ করেন। তাঁদের মধ্যে ৩২ জন চিকিৎসক। ১০ জন চিকিৎসক হাসপাতালে কাজ করেন, বাকি ২২ জন গবেষণায় সহায়তা করেন।

মাঠ থেকে উপাত্ত প্রথমে ব্লক/সাব-সেন্টারে আসে। ব্লক/সাব-সেন্টার থেকে উপাত্ত আসে মতলব কম্পিউটার স্টেশনে। মতলব থেকে উপাত্ত চলে যায় কেন্দ্রীয় কার্যালয়ের ঢাকা উপাত্ত ব্যবস্থাপনা দলের কাছে।

আস্থাই সম্বল

মতলব হাসপাতালের প্রধান মো. আল ফজল খান প্রথম আলোকে বলেন, ৫০ বছর ধরে এলাকার মানুষ আইসিডিডিআরবিকে তথ্য দিচ্ছে তার একটি প্রধান কারণ, প্রতিষ্ঠানটির ওপর তাদের আস্থা। দীর্ঘদিন সেবা দিয়ে আইসিডিডিআরবি এই আস্থা অর্জন করেছে।

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তির অংশ হিসেবে ১৯৬৩ সালে ঢাকার মহাখালীতে তৈরি হয় পাক-সিয়াটো সিআরএল (কলেরা রিসার্চ ল্যাবরেটরি)। মো. ইউনুস বলেন, মাঠপর্যায়ের গবেষণা ও কলেরা চিকিৎসার জন্য মতলবকে বেছে নেওয়া হয়, কারণ নদীপথে ঢাকা থেকে যাতায়াত সহজ ছিল। তখন একটি ভাসমান বার্জে ছয় শয্যার হাসপাতাল খুলে এলাকার মানুষকে কলেরার চিকিৎসা দেওয়া শুরু হয়।

প্রতিষ্ঠানটির ঢাকা ও মতলবের কর্মকর্তারা বলেন, গত শতাব্দীর ষাটের দশকে হাসপাতাল চালু হলে মানুষ জানতে পারে কলেরার চিকিৎসা আছে, চিকিৎসায় কলেরা ভালো হয়। এরপর খাওয়ার স্যালাইন আবিষ্কারের পর আইসিডিডিআরবির ওপর মানুষের আস্থা বহু গুণ বেড়ে যায়। নিজেরাই ডায়রিয়া নিয়ন্ত্রণ করা শিখে যায়। এরপর শুরু হয় পরিবার পরিকল্পনা সেবা। তারপর শুরু হয় মতলব হাসপাতালে মা ও শিশুর চিকিৎসা। এসবই বিনা মূল্যে। আয়েশা আক্তার বলেন, ‘এই বিনা মূল্যে মানসম্পন্ন সেবা আস্থা তৈরি করেছে। তাই আমরা যখন তথ্য সংগ্রহে আসি, কেউ আপত্তি করে না।’

মতলব হাসপাতাল ছাড়াও চারটি ব্লকে চারটি পৃথক উপকেন্দ্র আছে। এসব কেন্দ্রে মা ও শিশুস্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হয়। এতে ২৪ ঘণ্টা প্রসবসেবার সুযোগ আছে। এ ছাড়া ৪১ জন কর্মীর বাড়িতে ৪১টি ক্লিনিক (ফিল্ড সাইট ক্লিনিক) আছে। এখানে শিশুদের টিকা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা সেবা নিতেও নারীরা আসেন।

এ রকম একটি ফিল্ড সাইট ক্লিনিক খাদিজা আখতারের বাড়ির একটি ঘরে। খাদিজা জানালেন, সপ্তাহে তিন দিন এই ঘর স্বাস্থ্যসেবার কাজে ব্যবহৃত হয়, বাকি দিনগুলো পারিবারিক কাজে। এর জন্য আইসিডিডিআরবির কাছ থেকে কোনো ভাড়া তিনি নেন না।

তবে এই স্বাস্থ্যসেবা অপর তিনটি ব্লকের গ্রামগুলোতে নেই। এসব গ্রামের মানুষ সরকারি হাসপাতাল ও সেবার ওপর নির্ভরশীল। দুটো এলাকার তথ্যের তুলনা করার জন্য আইসিডিডিআরবি এই ব্যবস্থা করেছে।

মাসে দুবার স্বাস্থ্য ও এইচডিএসএসের মাঠকর্মীরা উপকেন্দ্রগুলোতে সভা করেন। সেই সভায় কোন বাড়িতে নতুন বিয়ে হয়েছে, কোন বাড়িতে কোন মহিলা গর্ভধারণ করেছেন, কোন বাড়িতে প্রসব হয়েছে, কে এলাকা ছেড়ে চলে গেছে, কোন বাড়িতে মৃত্যু হয়েছে তা আলোচনা ও তথ্য আদান-প্রদান হয়। সেই তথ্যের ভিত্তিতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি সেবা পৌঁছে দেন। চিকিৎসক আল ফজল খান বলেন, স্বাস্থ্যসেবা ও এইচডিএসএস একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে।

উদ্দেশ্য গবেষণা

৭সেপ্টেম্বর সকালে ধনারপাড় গ্রামে একটি বাড়িতে মা ও শিশুর ভিড় চোখে পড়ে। শান্তা নামের এক মা বললেন, মেয়েকে টিকা দিতে এনেছেন। মেয়ের বয়স পাঁচ বছরের কম। একটি ঘরে মঞ্জুর-এ-এলাহী ও আস-সাবা হোসেন শিশুদের টিকা দিচ্ছেন। তাঁরা চিকিৎসক, আইসিডিডিআরবিতে তাঁদের পদবি ‘স্টাডি মেডিকেল অফিসার’। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, ‘জাপানিজ এনকেফালাইটিস’ নামের জ্বরের টিকার কার্যকারিতা তাঁরা পরীক্ষা করছেন। ২০১২ সালে ১০-১২ মাস বয়সী ৬৪৬ শিশুকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এদের দ্বিতীয় ডোজ (বুস্টার ডোজ) টিকা দেওয়া হচ্ছে।

মঞ্জুর-এ-এলাহী প্রথম আলোকে বলেন, ‘এইচডিএসএস থেকে আমরা শিশুদের বয়স ও ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে পারি। ২০১২ সালের পর দ্বিতীয় ডোজ টিকা দিতে এসে দেখা যাচ্ছে শিশুদের খুঁজে পেতে সমস্যা হচ্ছে না। এইচডিএসএস সুনির্দিষ্ট ব্যক্তিকে পেতে সহায়তা করে।’

এ রকম ১৪টি গবেষণা এখন মতলবে চলছে। এর মধ্যে আছে আর্সেনিক, পানিতে ডোবা প্রতিরোধ, অকালিক জন্ম, অ্যাজমা, রোটা ভাইরাস, পুষ্টি পরিপূরক, নিউমোনিয়া, জাপানিজ এনকেফালাইটিস ইত্যাদি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পেশাদার গবেষক ছাড়াও দেশি ও বিদেশি শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রির জন্য এই উপাত্ত ব্যবহার করেন। এ পর্যন্ত কমপক্ষে ৩০টি পিএচডি (১০ জন বিদেশি) ও ৫০টি মাস্টার্স থিসিসে মতলব এইচডিএসএসের তথ্য ব্যবহার করেছেন শিক্ষার্থীরা।

তবে চাইলেই এই উপাত্ত পাওয়া বা ব্যবহার করা যায় না। এর জন্য নীতিমালা আছে। শিক্ষার্থী বা অন্য কেউ এই তথ্য চাইলে সুনির্দিষ্ট উদ্দেশ্য বর্ণনা করে আবেদন করতে হয়। মো. তসলিম আলী বলেন, বিদেশি কোনো গবেষকও এই তথ্য ব্যবহার করতে পারেন। তবে তাঁকে আবেদনের সঙ্গে গবেষণা প্রটোকল জমা দিতে হয়। আর গবেষণা সহযোগী হিসেবে আইসিডিডিআরবির কমপক্ষে একজন গবেষককে সঙ্গে রাখতে হয়।

দীর্ঘদিন একই অঞ্চলের তথ্য সংগ্রহ এবং তথ্য সংগ্রহের পাশাপাশি স্বাস্থ্যসেবা সহায়তা করলেও মতলবের তথ্য-উপাত্ত-পরিসংখ্যানে পক্ষপাতিত্ব বা বায়াস নেই বলে মন্তব্য করেছেন আইসিডিডিআরবির ইমিরেটাস বিজ্ঞানী মো. ইউনুস। তিনি বলেন, প্রতিটি মাঠকর্মীকে উন্নত প্রশিক্ষণ দেওয়ার পর তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার কাজে লাগানো হয়। এ ছাড়া একাধিক স্তরে তথ্য যাচাই ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে।

আন্তর্জাতিক বহু গবেষণায় এই উপাত্ত ব্যবহারের কারণে বিশ্বব্যাপী মতলব এইচডিএসএসের পরিচিতি ও সুনাম আছে। একাধিক দেশে মতলবের আদলে ফিল্ড সাইট তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। আফ্রিকার ঘানায় আইসিডিডিআরবির আদলে ‘ঘানা কমিউনিটি হেলথ সিস্টেম’ নামের স্বাস্থ্য ও জনমিতি উপাত্ত তৈরি ও সংরক্ষণ শুরু হয়েছে ১৯৯৮ সাল থেকে। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের এ ধরনের উদ্যোগ একত্র করে ‘ইনডেপথ নেটওয়ার্ক’‌ গড়ে উঠেছে। আইসিডিডিআরবি সেই নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য।