মতলবে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হামিদ ফকির (৮০) ও মো. হৃদয় (১৫)। তাঁদের বাড়ি উপজেলার ঢাকিরগাঁও গ্রামে। হৃদয় স্থানীয় মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম রফিকুল ইসলাম সরকার। দুর্ঘটনায় আহত মো. শান্ত (১৬) ও মো. রাতুলের (১৭) বাড়িও ঢাকিরগাঁও গ্রামে।
স্থানীয় লোকজন জানান, বুধবার সন্ধ্যা ছয়টায় উপজেলার কাজলী সিনেমা হলের সামনে থেকে একটি মোটরসাইকেলে হৃদয়, শান্ত ও রাতুল চাঁদপুরের বাবুরহাট এলাকার উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় মতলব-চাঁদপুর সড়কের ডাকঘর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল উল্টে পথচারী হামিদ ফকিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এ ছাড়া এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাতুল এবং দুই আরোহী হৃদয় ও শান্তও গুরুতর জখম হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাদের রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ১১টায় হৃদয় সেখানে মারা যায়।