মতলবে হামলায় আহত সাংসদের পিএর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় আহত চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের সাংসদ এম রফিকুল ইসলামের পিএ (ব্যক্তিগত সহকারী) ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সমাজসেবা সম্পাদক খবির হোসেন (৩৮) গতকাল মঙ্গলবার মারা গেছেন। খবিরের বাড়ি উপজেলার নওগাঁও গ্রামে। তাঁর স্ত্রীর নাম ফাতেমা বেগম। তাঁদের ১১ বছরের একটি মেয়ে রয়েছে। পরিবার ও দলীয় সূত্র জানায়, ২৯ আগস্ট রাতে উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকায় কতিপয় দুর্বৃত্ত খবিরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই দিনই চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।খবিরের শ্যালক চিকিৎসক এনামুল হক প্রথম আলোকে বলেন, ছয় দিন ধরে খবিরকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়। সেখানে গতকাল সকালে তিনি মারা যান। এলাকাবাসীর অনেকে জানান, সাংসদের পিএ হওয়ার পর থেকে সুবিধাবঞ্চিত একটি প্রভাবশালী মহলের বিরাগভাজন হন খবির।